দুই কন্যাসন্তানকে রেখে স্ত্রী এক যুবকের সঙ্গে ঘর ছেড়েছেন বলে অভিযোগ তুলেছেন ভোলার বোরহানউদ্দিনের বাসিন্দা দুবাইপ্রবাসী রিয়াজ উদ্দিন। তার দাবি, স্ত্রী দিলরুবা বেগম যাওয়ার সময় সংসারের জন্য জমানো ১৫ লাখ ৭৭ হাজার টাকা আর তিন ভরি সোনার গয়নাও সঙ্গে নিয়ে গেছেন।
সম্প্রতি নিজের ফেসবুক আইডি থেকে প্রকাশ করা এক ভিডিও বার্তায় রিয়াজ এসব অভিযোগ তুলে প্রশাসনের হস্তক্ষেপ চান। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এলাকায় ঘটনাটি নিয়ে আলোচনা চলছে।
রিয়াজের বাড়ি উপজেলার কাচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে, বোদ্ধের পোল বাজারের পাশে। জীবিকার তাগিদে দীর্ঘদিন দুবাইয়ে থাকা রিয়াজ জানান, মেয়েদের ভবিষ্যৎ ভেবে প্রবাসের আয় তিনি নিয়মিত দেশে পাঠাতেন; তাতে সংসার চলত, সঞ্চয়ও হতো।
রিয়াজের আরও দাবি, স্ত্রী চলে যাওয়ার পর থেকে মেয়েদের নিরাপত্তা নিয়ে তিনি দুশ্চিন্তায় আছেন। বিষয়টি নিয়ে মুখ খুললে দুই মেয়েকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে এবং তাকে নানাভাবে ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। ভিডিও বার্তায় মেয়েদের সুরক্ষা, ঘটনার তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি জানান এই প্রবাসী।
অভিযোগের বিষয়ে দিলরুবা বেগম কিংবা অভিযুক্ত যুবকের বক্তব্য পাওয়া যায়নি।






