বাংলাদেশের বিমানবন্দরে প্রবাসীদের হেনস্তা বন্ধ না হলে ডিসেম্বরের পর রেমিট্যান্স শাটডাউনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রবাসী নাগরিক সমাজ যুক্তরাষ্ট্র শাখা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নিউইয়র্কে নোয়াখালী সমিতির সামনের সড়কে এক সমাবেশে এ হুঁশিয়ারি আসে।

প্রধান অতিথি ছিলেন এস এম রহমত উল্লাহ ভূঁইয়া, যিনি জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) যুক্তরাষ্ট্র শাখার সভাপতি। রেমিট্যান্সকে দেশের একটি শিল্প আখ্যা দিয়ে তিনি বলেন, একে বাঁচাতে বিমানবন্দরে প্রবাসীদের প্রথম শ্রেণির নাগরিকের সম্মান ও জান-মালের সুরক্ষা দিতে হবে, বন্ধ করতে হবে হয়রানি।

তাঁর অভিযোগ, বিদেশে কর্মী পাঠানোর নামে দলীয় সিন্ডিকেট প্রবাসীদের ঠকিয়েছে; তাঁদের ক্ষতিপূরণ দিতে হবে। তাঁর আরও অভিযোগ, দেশের অর্থ বিদেশে পাচার করে এমপি-মন্ত্রী ও লুটপাটকারী রাজনীতিকেরা দেশকে পঙ্গু করে দিচ্ছেন। তাঁর ভাষ্য, রাষ্ট্রে যেখানে অনিয়ম-দুর্নীতি দেখা দেবে, সেখান থেকেই প্রতিরোধের ডাক দেবেন প্রবাসীরা।

আরও বক্তব্য দেন জেএসএফের চেয়ারম্যান হাজী আনোয়ার হোসেন, প্রবাসী নাগরিক সমাজের নেতা মো. শহিদুল্লাহ ও মাওলানা জাকির হোসেন প্রমুখ।