যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক শ্রমিক সংগঠনের সম্মেলনে বিশ্বনেতাদের প্রতি ‘ক্ষমতার ইতিহাস নয়, মানবমুক্তির ইতিহাস রচনা করুন’ বলে আহ্বান জানিয়েছেন সিআইপি ক্যাপ্টেন (অব.) এ কে এম গোলাম কিবরিয়া। মানুষের মর্যাদা, সাম্য ও ন্যায়বিচারের ওপর দাঁড়ানো নতুন বিশ্বসভ্যতা গড়ার কথাও বলেন তিনি।
ম্যানহাটনের ঐতিহাসিক ডিসি ৩৭ মেইন ইউনিয়ন হলে সম্প্রতি অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবারের (ASAAL) ১৯তম বার্ষিক সম্মেলন হয়। কংগ্রেস সদস্য, অঙ্গরাজ্য সিনেটর, সরকারি কর্মকর্তা, শ্রমিকনেতা ও নাগরিক অধিকারকর্মীদের সামনে কিবরিয়া তার ‘হিউম্যান ইকুইটি সিভিলাইজেশন’ বা মানবিক সাম্যের ভিত্তিতে গড়া বিশ্বসভ্যতার ভাবনা ব্যাখ্যা করেন।
তিনি বলেন, রাষ্ট্র চালানো বা ক্ষমতা অর্জনের চেয়ে বড় কাজ মানুষকে দারিদ্র্য, বঞ্চনা ও অসহায়ত্ব থেকে মুক্ত করা। বিশ্বনেতাদের তিনি কেবল রাষ্ট্রের নয়, মানবতার নেতা হয়ে উঠতে এবং এমন উত্তরাধিকার রেখে যেতে বলেন, যেখানে ক্ষমতার চেয়ে মানুষের মুক্তির ইতিহাসই বেশি গৌরবের হবে।
কিবরিয়ার মতে, আগামী প্রজন্মের জন্য এমন পৃথিবী রেখে যেতে হবে, যেখানে ক্ষুধা, দারিদ্র্য, গৃহহীনতা, চিকিৎসার অভাব আর মানবিক অসহায়ত্ব দৈনন্দিন বাস্তবতা থাকবে না; এসব দুর্ভোগের কথা পরের প্রজন্ম জানবে কেবল ইতিহাস পড়ে। রাজনৈতিক বিভাজন ও ভৌগোলিক সীমানা পেরিয়ে মানুষের কল্যাণকে সবার আগে রাখতেও বিশ্বনেতাদের অনুরোধ জানান তিনি।
সবার জন্য মর্যাদাময় জীবন, সমান সুযোগ ও নিজের সামর্থ্য বিকাশের পরিবেশ নিশ্চিত করাই তার দর্শনের মূল লক্ষ্য। তিনি মনে করেন, শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি দিয়ে সভ্যতার অগ্রগতি মাপা যায় না, মানুষের কষ্ট কতটা কমল সেটিও বিবেচনায় নিতে হবে।
বক্তব্যে বাংলাদেশের সোনাইমুড়ী ও চাটখিলে যাত্রা শুরু করা মানবকল্যাণ উদ্যোগের কথাও উঠে আসে। সম্মেলন থেকে তার বার্তার মর্মকথা ছিল এক মানবজাতি, সবার অভিন্ন দায়িত্ব এবং মানবিক মর্যাদার ভিত্তিতে নতুন এক বিশ্বসভ্যতা।
অতিথিদের মধ্যে ছিলেন গ্রেস মেং ও থমাস আর. সুয়োজি (নিউইয়র্কের কংগ্রেস সদস্য), আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস (নিউইয়র্ক অঙ্গরাজ্যের সিনেট মেজরিটি লিডার), লেটিশিয়া জেমস (অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল), জুলি মেনিন (নিউইয়র্ক সিটির কাউন্সিল স্পিকার), শেখ রহমান ও নাবিলা ইসলাম (জর্জিয়ার সিনেটর) এবং সাদ্দাম আজলান সালিম (ভার্জিনিয়ার সিনেটর)। আয়োজকদের মধ্যে ছিলেন এমএএফ মিসবাহ উদ্দিন (ASAAL-এর প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট এমেরিটাস), মোহাম্মদ করিম চৌধুরী (জাতীয় সভাপতি) ও ড. সুহাইল ইসলাম (সম্মেলন কমিটির চেয়ারম্যান)।






