যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাসরত এক বাংলাদেশি পরিবারের দুই ছেলের মৃত্যু হয়েছে মাত্র ১১ দিনের ব্যবধানে। বড় ছেলে শাহ আদ্রী (২৬) মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যাওয়ার পর বুধবার জ্বরে আক্রান্ত হয়ে মারা যায় ছোট ছেলে শাহ ওয়াদি (১০)। পরপর দুই সন্তান হারিয়ে অসুস্থ বাবা শাহ আসাদ এখন হাসপাতালে।

স্বজনেরা জানান, সফটওয়্যার প্রকৌশলী হিসেবে সম্প্রতি চাকরিতে যোগ দেওয়া শাহ আদ্রী ৩ অক্টোবর কাজ শেষে বাসায় ফেরার সময় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারান। এর ১১ দিন পর নিউইয়র্কের ব্রঙ্কসে মন্টিফিওর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৪ অক্টোবর স্থানীয় সময় বেলা দেড়টার দিকে মারা যায় স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র শাহ ওয়াদি।

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা সদর ইউনিয়নের ফুলবাড়ি গ্রামে তাঁদের পৈতৃক বাড়ি। প্রায় ৩০ বছর ধরে পরিবারটি যুক্তরাষ্ট্রে থাকছে; দুই ভাইয়ের মৃত্যুতে প্রবাসের স্বজনদের পাশাপাশি গ্রামের বাড়িতেও শোক নেমেছে।

এলাকাবাসীর কাছে দুই ভাইয়ের জন্য দোয়া চেয়েছেন শাহ আসাদের মামাতো ভাই কামরুল হাসান।