চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় অভিযান চালিয়ে দেশে তৈরি একটি এলজি ও একটি সীসার কার্তুজসহ মো. মিজানুর রহমান (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অস্ত্র ও কার্তুজ পরিবহনে ব্যবহৃত একটি লেগুনাও জব্দ করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁর এক সহযোগী পালিয়ে গেছেন।
সোমবার (২ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) আয়োজিত সংবাদ সম্মেলনে গ্রেফতারের বিষয়টি সাংবাদিকদের জানানো হয়। এর আগে রোববার (১ নভেম্বর) বিকেল ৫টা ১৫ মিনিটে টেক্সটাইল এম আলম গ্যাস স্টেশনের দক্ষিণ পাশে অভিযান চালিয়ে মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়।
সিএমপির ডিবি পশ্চিম বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল জানতে পারে, ওই এলাকায় দুই ব্যক্তি অবৈধ অস্ত্র ও গুলি কেনাবেচা করছেন। এরপর সেখানে অভিযান চালানো হলে একটি লেগুনায় থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া দিয়ে মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়। তাঁর সহযোগী নিজাম উদ্দিন (২৮) পালিয়ে যান।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেফতার মিজানুর রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে লেগুনার চালকের আসনের নিচে রাখা একটি ব্যাগ থেকে দেশে তৈরি একটি এলজি ও একটি সীসার কার্তুজ জব্দ করা হয়। অস্ত্র ও কার্তুজ পরিবহনে ব্যবহৃত লেগুনাটিও জব্দ করা হয়েছে।
পুলিশের দাবি অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজানুর রহমান জানিয়েছেন, অস্ত্র ও কার্তুজ বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন তিনি। তবে জব্দ করা অস্ত্র ও কার্তুজের কোনো বৈধ কাগজপত্র তিনি দেখাতে পারেননি বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ ঘটনায় গ্রেফতার মিজানুর রহমান ও পলাতক নিজাম উদ্দিনের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় অস্ত্র আইনের ১৯(ক) ধারায় মামলা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান চলছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ আরও জানায়, নিজাম উদ্দিনের বিরুদ্ধে হালিশহর থানায় একটি প্রতারণার মামলা রয়েছে।
Source: জাগো নিউজ২৪






