স্থানীয় মানুষের উদ্যোগ ও অংশগ্রহণের মাধ্যমেই টেকসই উন্নয়ন সম্ভব—এমন অবস্থান থেকে বাংলাদেশে ব্র্যাক ও কানাডার সঙ্গে যৌথভাবে মানুষের দক্ষতা, স্বাস্থ্য ও জীবিকার উন্নয়নে বিনিয়োগ করছে অস্ট্রেলিয়া। সম্প্রতি সিলেটে ব্র্যাকের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ঘুরে দেখেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল।

পরিদর্শনকালে তিনি কর্মসূচির সঙ্গে যুক্ত স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন। এ সময় তাঁদের উদ্যোগ, উদ্ভাবনী চিন্তা এবং প্রতিকূলতা মোকাবিলায় অর্জিত অভিজ্ঞতা সম্পর্কে তিনি জানতে পারেন।

অস্ট্রেলীয় হাইকমিশন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জানায়, উন্নয়নের কার্যকর সমাধানের বড় একটি অংশ আসে স্থানীয় জনগোষ্ঠীর ভেতর থেকেই। বার্তায় বলা হয়, মানুষ যখন শিক্ষা গ্রহণ, সুস্থ থাকা এবং জীবিকা অর্জনের সুযোগ পায়, তখন গোটা সম্প্রদায়েরই উন্নতি ঘটে।

এ কারণেই ব্র্যাক ও কানাডার সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে মানুষের সক্ষমতা এবং স্থানীয় পর্যায়ের উদ্যোগে বিনিয়োগ করছে অস্ট্রেলিয়া বলে হাইকমিশনের বার্তায় উল্লেখ করা হয়। এসব উদ্যোগের মাধ্যমে দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্য রয়েছে বলেও জানানো হয়।

Source: জাগো নিউজ২৪