চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ১ হাজার ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৪৯৮ জনকে আটক করা হয়েছে এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৯৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) থেকে রোববার (১৫ নভেম্বর) সকাল পর্যন্ত চলা এ ২৪ ঘণ্টার অভিযানে এসব গ্রেফতার ও আটক করা হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী।
কোন কোন মামলায় গ্রেফতার
ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরীর তথ্য অনুযায়ী, গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলায় রয়েছেন ৯৭ জন। পূর্ববর্তী মামলায় গ্রেফতার করা হয়েছে ১৩০ জনকে। এ ছাড়া পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৫৬ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তিনজন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
এ ছাড়া পরোয়ানামূলে ১৩২ জন এবং সাজা পরোয়ানামূলে ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে বলে তিনি জানান।
মাদকবিরোধী অভিযানের ফল
মাদকসংক্রান্ত অভিযানে মাদক মামলায় ৭৩ জন সেবনকারীকে এবং নিয়মিত ও অন্যান্য মামলায় ৫৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মাদকবিরোধী অভিযানের মধ্যে ৩৩ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় ১১ হাজার ৮১০ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং মাদকদ্রব্য-সংক্রান্ত ৪৩টি মামলা করা হয়েছে।
অভিযানে উদ্ধার করা হয়েছে ১ হাজার ৫৯৬ পিস ইয়াবা, ২৯ লিটার চোলাই মদ, ৭ কেজি ৭৭০ গ্রাম গাঁজা, ৫০ বোতল বিদেশি মদ, পাঁচটি ট্যাপেন্টাডল, ২৫ বোতল স্কাফ সিরাপ, ১২ বোতল বিয়ার এবং এক কেজি ক্রিস্টাল মেথ আইস।
নিষিদ্ধ সংগঠনের সদস্যরা
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের যে ৯৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে, তাদের জেলাভিত্তিক হিসাবও দিয়েছে পুলিশ। এদের মধ্যে চট্টগ্রামে ১৯ জন, কক্সবাজারে দুই জন, কুমিল্লায় ৪৫ জন, ব্রাহ্মণবাড়িয়ায় তিন জন, চাঁদপুরে চার জন, নোয়াখালীতে ছয় জন, ফেনীতে দুই জন, লক্ষ্মীপুরে চার জন, খাগড়াছড়িতে নয় জন এবং বান্দরবানে দুই জন রয়েছেন।
কিশোর গ্যাংবিরোধী অভিযান
কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৯৮ জনের মধ্যে ৩২৩ জনকে মুচলেকায় অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ১৭৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলাভিত্তিক হিসাবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে চট্টগ্রামে ৬৭ জন, কক্সবাজারে ১৪ জন, কুমিল্লায় ২১৮ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ২৬ জন, চাঁদপুরে ২৫ জন, নোয়াখালীতে ২০ জন, ফেনীতে ৩৭ জন, লক্ষ্মীপুরে ৪৩ জন, রাঙামাটিতে ১৩ জন, খাগড়াছড়িতে ২২ জন এবং বান্দরবানে ১৩ জনকে আটক করা হয়েছে।
কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে জনস্বার্থে এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
Source: জাগো নিউজ২৪






