গাজীপুরের কাশিমপুর কারা কমপ্লেক্সের নিরাপত্তা ও টহল জোরদার করতে সেনাবাহিনী ও পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংস্থার সহায়তা চেয়েছে কারা কর্তৃপক্ষ। এ জন্য সংশ্লিষ্ট বাহিনী ও সংস্থাগুলোকে চিঠি পাঠানো হয়েছে।

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার হালিমা খাতুনের সই করা ওই চিঠি পাঠানো হয় বুধবার (১৯ নভেম্বর)। তথ্যসূত্র: জাগো নিউজ।

জানা গেছে, কাশিমপুর কারা ক্যাম্পাসে মোট চারটি কেন্দ্রীয় কারাগার রয়েছে। বর্তমানে এসব কারাগারে রাজনৈতিক বন্দীসহ বিভিন্ন ধরনের প্রায় ১২ হাজার বন্দী আছেন।

কারা কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, কারাগার সরকারের অত্যন্ত স্পর্শকাতর ও সংবেদনশীল প্রতিষ্ঠান। এ কারণে চারটি কারাগারের নিরাপত্তা জোরদার করার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য সংস্থার সহায়তা অত্যন্ত জরুরি বলে তারা মনে করছে।

চিঠিতে কারা ক্যাম্পাসে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা এবং নিরাপত্তা টহল বাড়ানোর জন্য সংশ্লিষ্ট বাহিনী ও সংস্থাগুলোকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

কারা কর্তৃপক্ষের চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, গত ১৮ নভেম্বর গাজীপুরের জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে কারাগারের নিরাপত্তা বাড়ানোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়ে একটি পত্র দেওয়া হয়। ওই পত্রের পরিপ্রেক্ষিতেই বাহিনী ও সংস্থাগুলোর সহায়তা চেয়ে এই চিঠি পাঠানো হয়েছে।

চিঠিটি পাঠানো হয়েছে সাভার সেনানিবাসে ৯ পদাতিক ডিভিশনের সদর দপ্তরের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), গাজীপুরের পুলিশ কমিশনার, গাজীপুরের স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরবি) অধিনায়ক, কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসের অপারেশন শাখার কর্মকর্তার কাছে।

এ ছাড়া অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আটটি দপ্তরে চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।

Source: জাগো নিউজ২৪