ময়মনসিংহের ছয়টি উপজেলায় গত বুধবার দিনগত মধ্যরাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সাবেক দুই সংসদ সদস্যের বাসভবন, একটি ইউনিয়ন পরিষদ কার্যালয়, ব্যক্তিগত গাড়ি, একটি বাস এবং চলন্ত ট্রেনে আগুন দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনার মধ্যে কয়েকটি স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনাও রয়েছে। এতে জেলার বিভিন্ন এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

ঈশ্বরগঞ্জ ও ফুলপুরে সাবেক এমপিদের বাড়িতে হামলা

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার মধ্যরাতে ঈশ্বরগঞ্জে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মাহমুদ হাসান সুমনের বাসভবনে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। একই রাতে ফুলপুর উপজেলায় বিএনপির সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি অ্যাডভোকেট আবুল বাসার আকন্দের বাড়িতেও হামলার ঘটনা ঘটে।

বাড়ির লোকজনের দাবি, দুর্বৃত্তরা ওই বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করে। তবে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ পেট্রোল বোমা নিক্ষেপের কোনো আলামত পায়নি।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, রাতের আঁধারে কেউ এসে সাবেক বিএনপি এমপির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করে। এতে বাসার জানালার পর্দা পুড়ে যায়। সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

ফুলবাড়িয়ায় ইউপি কার্যালয়ে আগুন

ফুলবাড়িয়া উপজেলার ৬ নম্বর ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ঢুকে চেয়ারম্যানের কক্ষে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে কক্ষের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যায়। এ ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

ভালুকায় গাড়ি ও বাসে অগ্নিসংযোগ

ভালুকা উপজেলায় জেলা পরিষদের সাবেক সদস্য মোস্তফা কামালের একটি ব্যক্তিগত গাড়ি ও দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। বৃহস্পতিবার ভোর পৌনে ৪টার দিকে উপজেলার জামিরদিয়া স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে পার্কিং করা মীর এক্সপ্রেস নামের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

স্কয়ার ফ্যাশন-সংলগ্ন সড়কে দাঁড়িয়ে থাকা বাসটির ভেতরে তখন একজন কর্মী ঘুমিয়ে ছিলেন। আগুন ছড়িয়ে পড়ার আগেই তিনি অক্ষত অবস্থায় বেরিয়ে আসতে সক্ষম হন। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় ভোর ৪টা ৩৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, আগুনে বাসটির ভেতরের আসন ও জানালার কাচ পুড়ে গেছে। তবে ইঞ্জিন অক্ষত রয়েছে। প্রাথমিক হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ লাখ টাকা।

তবে বাসটির মালিক গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকার বাসিন্দা মো. শফিকুল ইসলাম দাবি করেন, আগুনে তার পুরো বাস পুড়ে গেছে। তিনি জানান, ছয় মাস আগে বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে বাসটি কিনেছিলেন। গাড়ি কেনা ও মেরামত বাবদ তার প্রায় ২১ লাখ টাকার ঋণ রয়েছে। এ ঘটনায় তিনি বড় ধরনের আর্থিক সংকটে পড়েছেন।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান জানান, রাতের বেলায় দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় একটি মামলার প্রক্রিয়া চলমান।

গৌরীপুরে চলন্ত ট্রেনে আগুন

গৌরীপুর উপজেলায় চলন্ত জারিয়া লোকাল ট্রেনের একটি বগিতে আগুন দেওয়া হয়েছে। বুধবার রাত ১২টার দিকে উপজেলার বিশকা রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এতে ট্রেনের দুটি আসন পুড়ে গেলেও কোনো যাত্রী হতাহত হননি।

রেলওয়ে সূত্রে জানা গেছে, জারিয়া থেকে ছেড়ে আসা লোকাল ট্রেনটি রাত ১১টা ৫৩ মিনিটে গৌরীপুর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করে। দুই মিনিট পর রাত ১১টা ৫৫ মিনিটে ট্রেনটি বিসকা স্টেশনের উদ্দেশে ছেড়ে যায়। রাত ১২টা ১৫ মিনিটের দিকে বিসকা স্টেশন অতিক্রম করার পরপরই ট্রেনটির একটি বগিতে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ট্রেনের গার্ড ও নিরাপত্তাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে ট্রেনের ১৮৯৬ নম্বর বগির ২৬ ও ৭৭ নম্বর দুটি আসন পুড়ে যায়। প্রাথমিকভাবে নাশকতার উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গৌরীপুর জংশনের স্টেশন মাস্টার আতাউর রহমান বলেন, রাতের ট্রেনে যাত্রীসংখ্যা খুব বেশি ছিল না। ধারণা করা হচ্ছে, নাশকতার উদ্দেশ্যেই ট্রেনে আগুন দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

গৌরীপুর রেলওয়ে ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবুল কালাম বলেন, ট্রেনটি বিসকা রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি শেষে শম্ভুগঞ্জের উদ্দেশে ছেড়ে যাওয়ার পরপরই একটি বগিতে আগুনের ঘটনা ঘটে। পরে গার্ড ও নিরাপত্তাকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সড়কে বিক্ষোভ ও অবরোধ

বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ-মুক্তাগাছা সড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন এবং ‘জয় বাংলা’ স্লোগান দেন। তারাকান্দা উপজেলার নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের নির্বাচনী বাজার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আওয়ামী লীগের কর্মীরা। এছাড়া ঈশ্বরগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে বিক্ষোভ মিছিল করেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

Source: জাগো নিউজ২৪