রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সংঘটিত হত্যা ও দস্যুতার দুটি আলাদা ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। তাদের কাছ থেকে হত্যা ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেল, নিহত ব্যক্তির দুটি মোটরসাইকেল, মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

গ্রেফতার হওয়া চারজন হলেন জোবায়ের আহাম্মেদ ইমন (৩৩), মোছা. জারা (২৫), সৈয়দ আব্দুল্লাহ আহাম্মেদ (২২) এবং মো. নূর আলম খান ওরফে রবিন (২৯)।

যাত্রাবাড়ী থানার বরাত দিয়ে উপ-পুলিশ কমিশনার আকতার হোসেন জানান, গত ১৬ নভেম্বর দিবাগত রাতে কুতুবখালী বড় মাদ্রাসার পেছনের গলিতে রাইড শেয়ারিং চালক আরিফুল ইসলামকে (৪৬) ধারালো চাকু দিয়ে আঘাত করে হত্যা করা হয়। ওই সময় দুর্বৃত্তরা তাঁর ব্যবহৃত একটি ইয়ামাহা মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন নিয়ে যায়। এ ঘটনায় নিহতের ভাইয়ের অভিযোগের ভিত্তিতে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করা হয়েছে।

অন্যদিকে গত ৫ নভেম্বর রাতে যাত্রাবাড়ীর কুতুবখালী মৎস্য আড়তের পেছনে আরেক রাইড শেয়ারিং চালক মো. এনামুল মোর্শেদকে ধারালো চাকুর ভয় দেখিয়ে নগদ টাকা, মোবাইল ফোন ও মোটরসাইকেল ছিনিয়ে নেওয়া হয়। এরপর তাঁর ডাচ্-বাংলা ব্যাংকের এটিএম কার্ড ব্যবহার করে ৯৬ হাজার টাকা উত্তোলন করা হয়। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় দস্যুতা ও সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা জানান, দুটি ঘটনার তদন্তে তথ্যপ্রযুক্তি ও বিশ্বস্ত সূত্রের সহায়তায় অভিযান চালিয়ে প্রথমে গত ২১ নভেম্বর রাতে জোবায়ের আহাম্মেদ ইমন ও মোছা. জারাকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এবং পরবর্তী অভিযানে সৈয়দ আব্দুল্লাহ আহাম্মেদ ও মো. নূর আলম খান ওরফে রবিনকে গ্রেফতার করা হয়।

জব্দ করা আলামতের মধ্যে রয়েছে হত্যা ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেল, নিহত আরিফুল ইসলামের ব্যবহৃত ইয়ামাহা মোটরসাইকেল ও মোবাইল ফোন, দস্যুতার ঘটনায় ছিনিয়ে নেওয়া মোটরসাইকেল, বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন, সুইচ গিয়ার চাকু, ইলেকট্রিক শকগান এবং বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড।

গ্রেফতার হওয়া চারজনকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান উপ-পুলিশ কমিশনার আকতার হোসেন।

Source: জাগো নিউজ২৪