পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের মাস্তুং জেলায় নিরাপত্তা বাহিনীর চালানো দুটি অভিযানে ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের সন্ত্রাসী বলে দাবি করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। গত শনিবার (২১ নভেম্বর) ‘অপারেশন রাদ্দুল ফিতনা-৩’-এর আওতায় এসব অভিযান চালানো হয় বলে নিরাপত্তা সূত্রের বরাতে জানিয়েছে জাগো নিউজ ইন্টারন্যাশনাল।
নিরাপত্তা সূত্রের ভাষ্য অনুযায়ী, মাস্তুংয়ে চালানো প্রথম অভিযানে পাঁচজন নিহত হন। ওই অভিযানে একটি সশস্ত্র গোষ্ঠীর কয়েকটি আস্তানা ধ্বংস করা হয় এবং সেখান থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
একই জেলায় দ্বিতীয় অভিযানে আরও ১০ জন নিহত হওয়ার কথা জানায় নিরাপত্তা সূত্র। এতে দুটি অভিযানে নিহতের সংখ্যা দাঁড়ায় ১৫। দ্বিতীয় অভিযানেও কয়েকটি আস্তানা ধ্বংস এবং বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের দাবি করেছে সূত্রটি।
অভিযানের অংশ হিসেবে কিল্লি পাসান্দ খান, মুসা খান, খুরাসানি ও কাফতারি এলাকা সন্ত্রাসীদের উপস্থিতিমুক্ত করার দাবি করেছে নিরাপত্তা বাহিনী। এসব এলাকায় সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা বন্ধে অভিযান চালানো হয় বলে জানানো হয়েছে।
বেলুচিস্তানে সশস্ত্র গোষ্ঠীগুলোর নেটওয়ার্ক ভেঙে দেওয়া এবং শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে নিরাপত্তা সূত্র। একই সঙ্গে প্রদেশটিতে সন্ত্রাসবাদ নির্মূলে বাহিনীর অভিযান চলবে বলেও উল্লেখ করা হয়েছে।
এদিকে, দুই অভিযানে ১৫ জন নিহত হওয়ার ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। গত শনিবার এক বিবৃতিতে বাহিনীর সাহস ও পেশাদারিত্বের প্রশংসা করেন তিনি। সন্ত্রাসবাদ নির্মূলে নিরাপত্তা বাহিনীর ত্যাগ ও দৃঢ়সংকল্প প্রশংসনীয় বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
তিনি আরও বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে পুরো জাতি নিরাপত্তা বাহিনীর পাশে রয়েছে। বেলুচিস্তানসহ পাকিস্তানের প্রতিটি অঞ্চল থেকে সন্ত্রাসবাদ নির্মূল না হওয়া পর্যন্ত এ লড়াই চলবে বলে জানান শাহবাজ শরিফ।
Source: জাগো নিউজ২৪






