যশোরে মায়ের সঙ্গে মোবাইলফোনে কথা বলাকে কেন্দ্র করে তিথি (৩০) নামের এক গৃহবধূর বাম হাতের কবজি ধারালো দা দিয়ে বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, এ ঘটনা ঘটিয়েছেন ওই নারীর স্বামী বিল্লাল হোসেন (৪০)।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, গত রোববার রাত ১০টার দিকে যশোর শহরের চাঁচড়া ডালমিল এলাকায় একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, নড়াইলের মিরাপাড়া এলাকার মৃত পাঞ্জমিনার ছেলে বিল্লাল স্ত্রী তিথিকে নিয়ে যশোর শহরের ওই ভাড়া বাসাতেই থাকতেন। ঘটনার দিন রাতে তিথি তাঁর মায়ের সঙ্গে ফোনে কথা বলছিলেন। এ নিয়ে স্বামী বিল্লালের সঙ্গে তাঁর বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে বিল্লাল স্ত্রীর দুই হাত দড়ি দিয়ে খাটের সঙ্গে বেঁধে ফেলেন এবং এরপর ধারালো দা দিয়ে বাম হাতের কবজিতে কোপ দেন। এতে কবজি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।

ঘটনার পর রাত আনুমানিক ১২টা ১০ মিনিটের দিকে অভিযুক্ত বিল্লাল নিজেই স্ত্রীকে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে প্রাথমিক চিকিৎসা দেন। তবে আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। এরপর বিল্লাল ও তাঁর মা অ্যাম্বুলেন্সে আহত তিথিকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাজীব রয় চৌধুরী জানান, রক্তাক্ত অবস্থায় ওই গৃহবধূকে তাঁর স্বামী জরুরি বিভাগে নিয়ে আসেন। তাঁর শারীরিক অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় রেফার করা হয়েছে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, গুরুতর অবস্থায় ওই নারীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

তথ্যসূত্র: জাগো নিউজ

Source: জাগো নিউজ২৪