বেনাপোল সীমান্তসহ যশোরের গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে এসব এলাকায় টহলও বাড়ানো হয়েছে।
ভারতে পলাতক ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সীমান্ত দিয়ে দেশে ফিরতে পারেন—এমন গুঞ্জন এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের অবৈধভাবে সীমান্ত পারাপার ঠেকাতে এ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
যশোরের ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম আলম সাইফুল আলম খান জানান, সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধে প্রয়োজনীয় সতর্কতামূলক পদক্ষেপও নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় সন্দেহজনক চলাচল, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সব সময় তৎপর রয়েছে। দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।
সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলের সহযোগিতা চেয়েছেন বিজিবির এ কর্মকর্তা। তিনি বলেন, কোনো ধরনের অনিয়ম, অবৈধ অনুপ্রবেশ কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে তা বিজিবিকে জানাতে হবে। স্থানীয় জনগণের সঙ্গে তথ্য আদান-প্রদান বাড়লে সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণ আরও সহজ হবে বলে তিনি মনে করেন।
তথ্যসূত্র: জাগো নিউজ
Source: জাগো নিউজ২৪






