বয়সের ভারে নুয়ে পড়া শরীর, চোখে-মুখে ক্লান্তির ছাপ। তবু জীবনের শেষ প্রান্তে এসে প্রতিদিন একটাই প্রশ্ন বুকে নিয়ে বাঁচতে হচ্ছে দুই বৃদ্ধাকে—আজ খাবার জুটবে তো? চাঁদপুর শহরের রেলওয়ে প্ল্যাটফর্মে আশ্রয় নেওয়া এই দুই নারীর নামই মনোয়ারা বেগম। আলাদা জীবন, কিন্তু অসহায়ত্বের গল্প প্রায় একই।
তাঁদের একজন মনোয়ারা বেগমের বয়স ৮০ বছর। বাড়ি নোয়াখালী জেলায়। স্বামী আলী আহমদ অনেক আগে মারা গেছেন। জীবনের একমাত্র অবলম্বন ছেলেও কত বছর আগে মারা গেছেন, তা তিনি মনে করতে পারেন না। এরপর পৃথিবীতে আপন বলতে আর কেউ নেই তাঁর। আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ নেই, দেখভাল করার মতোও কেউ নেই। জীবিকার জন্য কাজ করার শারীরিক সক্ষমতাও হারিয়েছেন। ফলে ৫-৭ বছরেরও বেশি সময় ধরে চাঁদপুর শহরের রেলওয়ে প্ল্যাটফর্মই তাঁর ঠিকানা। মানুষের দেওয়া খাবার খেয়েই কোনোরকমে বেঁচে আছেন তিনি।
নিজের অসহায়ত্বের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এই বৃদ্ধা। কণ্ঠ ভারী হয়ে আসে তাঁর। তিনি বলেন, ‘আমার বাড়ি নোয়াখালী। স্বামী মারা গেছেন, ছেলেটাও কবে মারা গেছে মনে নেই। এখন আমার কেউ নেই। কোথায় যাব, কার কাছে যাব? এই স্টেশনেই থাকি। কেউ কিছু দিলে খাই, না দিলে না খেয়ে থাকতে হয়। শরীরে আর কাজ করার শক্তি নেই। মানুষের কাছে হাত পেতে যা পাই, তা দিয়েই কোনোরকমে দিন পার করি। আমার তো আর কেউ নেই।’
একই প্ল্যাটফর্মে থাকেন আরেক মনোয়ারা বেগম। বয়স প্রায় ৮৫ বছর। তাঁর জীবনেও রয়েছে হারানোর দীর্ঘ ইতিহাস। স্বামী আব্দুল গফুর মারা গেছেন প্রায় ২০ বছর আগে। তিনি চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের কামরাঙ্গা এলাকার বাসিন্দা। এক ছেলে ও এক মেয়েকে নিয়ে ছিল তাঁর ছোট্ট সংসার। কিন্তু একসঙ্গে পানিতে পড়ে প্রাণ হারায় তাঁর দুই সন্তান। স্বামী-সন্তান হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন তিনি। এরপর কোথাও স্থায়ী আশ্রয় না পেয়ে নিজেই চলে আসেন চাঁদপুর শহরের রেলওয়ে প্ল্যাটফর্মে। সেই থেকে মানুষের দয়া আর সহানুভূতির ওপর নির্ভর করেই চলছে তাঁর জীবন।
প্রতিদিন সকালে ঘুম ভাঙলেও সামনে থাকে একই অনিশ্চয়তা—আজ খাবার জুটবে তো? কেউ খাবার দিলে খান, না দিলে ক্ষুধা নিয়েই রাত কাটাতে হয়। বয়সের ভারে এখন আর কোনো কাজ করার সামর্থ্য নেই তাঁর। নেই নিজের জন্য খাবার জোগাড় করার মতো উপায়ও। দ্বিতীয় মনোয়ারা বেগম বলেন, ‘আমার স্বামী ২০ বছর আগে মারা গেছেন। এক ছেলে, এক মেয়ে ছিল। দুইজনই একসঙ্গে পানিতে পড়ে মারা গেছে। এরপর আমার আর কেউ রইল না। নিজের মতো করে এখানে চলে এসেছি। কোথায় যাব, কী করব, কিছুই বুঝতে পারিনি। এখন মানুষ যা দেয়, তা খাই। কেউ কিছু না দিলে না খেয়েই থাকতে হয়। আমার কোনো পরিবার নেই, কেউ কোনোদিন খোঁজও নেয়নি। এখন একবেলা খাবারের জন্যও অনেক কষ্ট করতে হয়। এই বয়সে আর কিছু করার শক্তি নেই।’
দুই বৃদ্ধার জীবনকাহিনি আলাদা হলেও তাঁদের অসহায়ত্বের জায়গাটি একই। একজন স্বামী ও সন্তান হারিয়ে নিঃস্ব, অন্যজন স্বামী-সন্তান হারিয়ে পৃথিবীতে একা। দুজনেরই নেই পরিবারের আশ্রয়, নেই নিয়মিত খাবারের নিশ্চয়তা, নেই নিরাপদে রাত কাটানোর ব্যবস্থা। জীবন যেন তাঁদের কাছে প্রতিদিন নতুন করে বেঁচে থাকার এক কঠিন পরীক্ষা।
ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ জানান, চাঁদপুর শহরের রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন স্থানে এমন অনেক অসহায় ও আশ্রয়হীন মানুষ রয়েছেন, যারা দু’বেলা খাবারও ঠিকমতো পান না। তাদের দুর্ভোগের কথা বিবেচনা করে ক্লিন চাঁদপুরের পক্ষ থেকে বিভিন্ন সময় খাবারের ব্যবস্থা করা হয়। বিশেষ করে এসব অসহায় বৃদ্ধ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি আমরা। তবে শুধু সাময়িকভাবে খাবার দিয়ে তাদের সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। তাদের জন্য নিরাপদ আশ্রয়, নিয়মিত খাদ্যসহায়তা ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা জরুরি। এক্ষেত্রে সমাজের বিত্তবান মানুষ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট প্রশাসনকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রহিম বাদশা জানান, মানুষের জীবনের শেষ সময়ে এসে এভাবে অনিশ্চয়তা ও অনাহারের মধ্যে দিন কাটানো অত্যন্ত দুঃখজনক। সমাজে এমন অসহায় ও স্বজনহারা মানুষের দায়িত্ব শুধু তাদের পরিবারের নয়, রাষ্ট্র ও সমাজেরও রয়েছে। বিশেষ করে যেসব বৃদ্ধ মানুষের দেখাশোনা করার মতো কেউ নেই, তাদের খুঁজে বের করে সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনা জরুরি। বয়স্ক ভাতা প্রদানের পাশাপাশি তাদের জন্য নিরাপদ আবাসন, নিয়মিত খাবার ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্ট প্রশাসন, জনপ্রতিনিধি ও সমাজের বিত্তবানদের সমন্বিত উদ্যোগ ছাড়া এসব মানুষের দুর্ভোগ স্থায়ীভাবে লাঘব করা সম্ভব নয়।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম জানান, সমাজের ছিন্নমূল ও ভবঘুরে মানুষের কোনো সুনির্দিষ্ট তালিকা আমাদের কাছে নেই। তবে এ ধরনের অসহায় মানুষের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়। কারও যদি স্থায়ী ঠিকানা বা বসবাসের নির্দিষ্ট কোনো জায়গা না থাকে এবং তিনি প্রকৃত অর্থেই ভবঘুরে হন, তাহলে তাকে ভবঘুরে আইনের আওতায় আনতে হবে। এক্ষেত্রে জেলা প্রশাসনের পক্ষ থেকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তার ভবঘুরে পরিচয় যাচাই ও শনাক্ত করতে হবে। যথাযথ প্রক্রিয়ায় ভবঘুরে হিসেবে চিহ্নিত হলে তাকে সরকারি ভবঘুরে আশ্রয়কেন্দ্রে পাঠানোর সুযোগ রয়েছে।
তথ্যসূত্র: জাগো নিউজ
Source: জাগো নিউজ২৪






