সাতক্ষীরায় শীতের আগমনের সঙ্গে সঙ্গে শিশুদের মধ্যে নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। জেলার তিনটি হাসপাতালে গত ৪৯ দিনে এসব রোগে আক্রান্ত হয়ে ১ হাজার ৯০ শিশু ভর্তি হয়েছে। তবে রোগীর সংখ্যা বাড়লেও প্রয়োজনীয় শয্যা ও চিকিৎসকের অভাবে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। বিশেষ করে সাতক্ষীরা সদর হাসপাতালে জায়গার অভাবে অনেক শিশুকে ওয়ার্ডের মেঝে ও বারান্দায় রেখে চিকিৎসা দিতে হচ্ছে।
হাসপাতালগুলোর দেওয়া তথ্য অনুযায়ী, গত ১ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত সাতক্ষীরা সদর হাসপাতালে নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ৬৪৩ শিশু। তাদের মধ্যে ২৪৭ জন নিউমোনিয়ায় এবং ৪৯৬ জন ডায়রিয়ায় আক্রান্ত। একই সময়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে ১৮৩ শিশু। এদের মধ্যে নিউমোনিয়ায় আক্রান্ত ১০৮ এবং ডায়রিয়ায় আক্রান্ত ৭৫ জন।
জেলার একমাত্র বেসরকারি শিশু হাসপাতালে নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে আরও ১৬৪ শিশু। তাদের মধ্যে ১১৫ জন নিউমোনিয়ায় এবং ৪৯ জন ডায়রিয়ায় আক্রান্ত। বেসরকারি শিশু হাসপাতালের পরিচালক চিকিৎসক আবুল বাসার জানান, একই সময়ে এসব রোগে আক্রান্ত আরও ৫ হাজার ৩২০ শিশু বহির্বিভাগে চিকিৎসা নিয়েছে। তবে সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নেওয়া শিশুদের কোনো সমন্বিত পরিসংখ্যান পাওয়া যায়নি।
শিশু রোগীর চাপ বাড়ায় হাসপাতালগুলোতে চিকিৎসক ও নার্সদের ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। বিশেষ করে সাতক্ষীরা সদর হাসপাতালে পরিস্থিতি বেশ সংকটাপন্ন। পর্যাপ্ত শয্যা না থাকায় অনেক শিশুকে হাসপাতালের মেঝে কিংবা বারান্দায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সদর উপজেলার বেতলা গ্রামের রোজিনা খাতুন জানান, তার ৪০ দিন বয়সি ছেলে আবিদ হোসেনের শ্বাসকষ্ট দেখা দিলে গত ২০ নভেম্বর তাকে সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করে নিউমোনিয়া শনাক্ত করেন। কিন্তু হাসপাতালে শয্যা না পাওয়ায় বাধ্য হয়ে বারান্দায় রাখতে হয়েছে সন্তানকে। এর মধ্যে শিশুটির শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় দিন কাটছে তার।
একই ধরনের অভিজ্ঞতার কথা জানান তালা উপজেলার পাটকেলঘাটা গ্রামের আফরোজা খাতুন। তার দেড় মাস বয়সি মেয়ে আরিয়াকে শ্বাসকষ্ট নিয়ে ২০ নভেম্বর সদর হাসপাতালে ভর্তি করা হয়। শিশু ওয়ার্ডে শয্যা না পেয়ে বারান্দায় রেখেই নেবুলাইজারের মাধ্যমে চিকিৎসা দেওয়া হচ্ছিল।
হাসপাতাল সূত্র জানায়, সদর হাসপাতালের শিশু ওয়ার্ড ও বারান্দা মিলিয়ে প্রতিদিন গড়ে ১০০ থেকে ১২০ জন শিশু চিকিৎসা নিচ্ছে। অথচ হাসপাতালের শিশু ওয়ার্ডে অনুমোদিত শয্যা রয়েছে মাত্র ১৫টি। ডায়রিয়া ওয়ার্ডে পাঁচটি শয্যার বিপরীতে প্রতিদিন ভর্তি থাকছে ২০ থেকে ৩০ শিশু।
সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) চিকিৎসক আব্দুর রহমান বলেন, সীমিত শয্যা নিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক শিশুর চিকিৎসা দিতে হচ্ছে। অতিরিক্ত রোগীর চাপে চিকিৎসক ও নার্সদের হিমশিম খেতে হচ্ছে।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ও সহযোগী অধ্যাপক চিকিৎসক মো. সামছুর রহমান বলেন, আবহাওয়ার আকস্মিক পরিবর্তন, তাপমাত্রার ওঠানামা এবং শীতের প্রভাব শিশুদের শ্বাসতন্ত্রের সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দেয়। বিশেষ করে নবজাতক ও পাঁচ বছরের কম বয়সি শিশুদের ক্ষেত্রে নিউমোনিয়া ও শ্বাসকষ্ট দ্রুত জটিল আকার ধারণ করতে পারে। অন্যদিকে ডায়রিয়া আক্রান্ত শিশুদের শরীরে দ্রুত পানিশূন্যতা দেখা দিতে পারে। তাই এসব রোগের লক্ষণ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ দেন এই চিকিৎসক।
সাতক্ষীরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য আব্দুল বারী বলেন, শিশুদের মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে দ্রুত হাসপাতালের শয্যা বাড়ানো, প্রয়োজনীয় চিকিৎসক ও নার্স নিয়োগ এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা জরুরি।
এ বিষয়ে সাতক্ষীরার সিভিল সার্জন আব্দুস সালাম জানান, ১৯৮০ সালের দিকে ৫০ শয্যা নিয়ে সাতক্ষীরা সদর হাসপাতালের যাত্রা শুরু হয়। পরবর্তী সময়ে হাসপাতালটি ১০০ শয্যায় উন্নীত করা হলেও বর্তমানে রোগীর চাপ সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে। এ কারণে হাসপাতালটিকে ২৫০ শয্যায় উন্নীত করার অনুমোদন চেয়ে স্বাস্থ্য অধিদপ্তরে একাধিকবার চিঠি পাঠানো হয়েছে। তিনি আরও জানান, এ সংক্রান্ত প্রস্তাব স্বাস্থ্য অধিদপ্তরের একটি সভায় উত্থাপন করা হলেও ওই সভায় সাতক্ষীরা মেডিকেল কলেজের কোনো প্রতিনিধি উপস্থিত না থাকায় তখন অনুমোদন পাওয়া যায়নি। বিষয়টি বাস্তবায়নে নতুন করে উদ্যোগ নেওয়া হবে।
এদিকে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে শিশু রোগীর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এমন পরিস্থিতিতে সাতক্ষীরা সদর হাসপাতালের শয্যা সংকট নিরসন, চিকিৎসক ও নার্সের সংখ্যা বৃদ্ধি এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করা এখন সময়ের দাবি। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে জেলার শিশুদের চিকিৎসাসেবা আরও বড় সংকটের মুখে পড়তে পারে।
তথ্যসূত্র: জাগো নিউজ
Source: জাগো নিউজ২৪






