রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) এবং স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের পৃথক দুটি প্রতিনিধিদল। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রপতির প্রেস উইং থেকে জানানো হয়েছে, আইইউবিএটি উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব এবং স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. শরীফ নাফে আস-সাবেরের নেতৃত্বে প্রতিনিধিদল দুটি আলাদাভাবে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে।

সাক্ষাৎকালে তাঁরা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবস্থা ও শিক্ষা কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

এ সময় রাষ্ট্রপতি উচ্চশিক্ষার মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা যথাযথ জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে কর্মসংস্থান এবং পেশাগত জীবনের জন্য উপযোগী হয়ে গড়ে ওঠার ওপর তিনি জোর দেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

Source: জাগো নিউজ২৪