পটুয়াখালীর গলাচিপায় দাখিল পরীক্ষার্থীদের কাছ থেকে বোর্ড নির্ধারিত ফি’র বাইরে নেওয়া অতিরিক্ত অর্থ ফেরত দিয়েছে বড় চত্রা দাখিল মাদরাসা কর্তৃপক্ষ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হকের নির্দেশে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অভিভাবকদের ডেকে এ অর্থ ফেরত দেওয়া হয়।
মাদরাসার সুপার মাওলানা মো. ওলিউল ইসলাম বলেন, অতিরিক্ত ক্লাস করানোর কারণে কিছু শিক্ষার্থীর কাছ থেকে এক থেকে দেড় হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছিল। ইউএনওর নির্দেশনা অনুযায়ী সেই অর্থ ফেরত দেওয়া হয়েছে।
জানা যায়, দাখিল পরীক্ষার ফরম পূরণ ও সংশ্লিষ্ট ফি আদায়ের সময় বোর্ড নির্ধারিতের অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে ইউএনও আবুজর মো. ইজাজুল হক তা ফেরত দেওয়ার নির্দেশ দেন। পরে তার নির্দেশনা অনুযায়ী মাদরাসা কর্তৃপক্ষ অভিভাবকদের টাকা ফেরত দেয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ পাওয়া যায়। পরে সংশ্লিষ্টদের অতিরিক্ত নেওয়া অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশনার প্রেক্ষিতেই মাদরাসা কর্তৃপক্ষ টাকা ফেরত দিয়েছে।
তথ্যসূত্র: জাগো নিউজ।
Source: জাগো নিউজ২৪






