সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে ত্রিপক্ষীয় প্রতিরক্ষা জোট গঠনের লক্ষ্যে মক্কা প্রতিরক্ষা চুক্তিতে সই করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এর মাধ্যমে চুক্তিতে তুরস্কের আনুষ্ঠানিক অংশগ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হলো।

চলতি নভেম্বর মাসের শুরুর দিকে তুরস্কের পার্লামেন্ট মক্কা প্রতিরক্ষা চুক্তিটি অনুমোদন করে। সে কারণে এরদোয়ানের স্বাক্ষর ছিল মূলত একটি আনুষ্ঠানিকতা।

চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তা বাড়ানোর সুযোগ তৈরি হলো তুরস্কের। বর্তমানে ইয়েমেনে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ক্রমবর্ধমান হামলার মুখে রয়েছে সৌদি আরব।

চুক্তির শর্ত অনুযায়ী, জোটের কোনো একটি সদস্য দেশের ওপর হামলা চালানো হলে তা সব সদস্য দেশের ওপর হামলা হিসেবে বিবেচিত হবে। তবে আপাতত সৌদি আরব বা ইয়েমেনের সংঘাতে অংশ নিতে তুরস্কের সেনা পাঠানোর কোনো পরিকল্পনা নেই।

এ ধরনের কোনো পদক্ষেপ নিতে হলে তুরস্কের পার্লামেন্টের নতুন করে অনুমোদন নেওয়া প্রয়োজন হবে। তবে সেনা না পাঠিয়েও সৌদি আরবকে অন্যান্য ধরনের সামরিক সহায়তা বাড়াতে সক্ষম হবে আঙ্কারা।

তথ্যসূত্র: আল-জাজিরা

Source: জাগো নিউজ২৪