যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের কাছে এমন ক্ষেপণাস্ত্র সক্ষমতা রয়েছে যা ইউরোপে আঘাত হানতে পারে। একইসঙ্গে তিনি সতর্ক করে বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা না হলে ওই অঞ্চলে ‘পারমাণবিক বিপর্যয়’ ঘটতে পারে।
থ্যাংকসগিভিং উপলক্ষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ফ্লোরিডার মার-আ-লাগো বাসভবন থেকে মার্কিন সেনাসদস্যদের সঙ্গে টেলিফোনে কথা বলেন ট্রাম্প। এ সময় তাকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাওয়া হয়। জবাবে তিনি ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে মন্তব্য করেন।
ট্রাম্প দাবি করেন, ইরানের এমন ক্ষেপণাস্ত্র রয়েছে যা ইউরোপে পৌঁছাতে পারে। তবে সেগুলো যুক্তরাষ্ট্রে পৌঁছাতে পারবে না বলে তিনি মন্তব্য করেন।
মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে ট্রাম্প বলেন, ওই অঞ্চলে স্থিতিশীলতা না থাকলে ইরান ইসরায়েল ও ওই অঞ্চলের অন্যান্য দেশের বিরুদ্ধে পারমাণবিক হামলা চালাতে পারে। এতে একটি ভয়াবহ পারমাণবিক বিপর্যয় ঘটবে বলে তিনি সতর্ক করেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ‘মধ্যপ্রাচ্যের তেলের প্রয়োজন যুক্তরাষ্ট্রের নেই। তবে ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করা জরুরি।’
ইরানের নেতাদের প্রসঙ্গে ট্রাম্প বলেন, তাদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ হয়েছে তাঁর। তাঁর ভাষায়, তারা ‘পাগল’। এ কারণেই যুক্তরাষ্ট্র ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেবে না বলে জানান তিনি।
ট্রাম্প আরও বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলো নিজেদের প্রতিরক্ষার জন্য যথেষ্ট শক্তিশালী না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের তাদের সমর্থন দিয়ে যাওয়া প্রয়োজন।
এমন এক সময়ে ট্রাম্প এসব মন্তব্য করলেন, যখন ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ বন্ধে চুক্তির প্রচেষ্টা নিয়ে অনিশ্চয়তা অব্যাহত রয়েছে। তবে ইরানের কাছে বর্তমানে কোনো পারমাণবিক অস্ত্র নেই জানিয়ে প্রতিবেদনে বলা হয়, দেশটি পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) স্বাক্ষরকারীও।
তথ্যসূত্র: আল-জাজিরা
Source: জাগো নিউজ২৪






