ময়মনসিংহের ভালুকায় একটি পোশাক কারখানায় শ্রমিকদের বিক্ষোভের চেষ্টাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় সাত শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকায় পি.এ নিট কম্পোজিট গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল কারখানায় এ ঘটনা ঘটে। বিকেল ৪টা পর্যন্ত কারখানার ভেতরে উত্তেজনা বিরাজ করছিল।
পুলিশ ও কারখানা সূত্রে জানা গেছে, কারখানাটিতে প্রায় পাঁচ হাজার শ্রমিক কাজ করেন। বৃহস্পতিবার সকালে স্বাভাবিকভাবেই কাজে যোগ দেন তাঁরা। দুপুরের খাবারের বিরতির সময় শ্রমিকেরা সংঘবদ্ধ হয়ে কারখানা থেকে বেরিয়ে সড়কে বিক্ষোভের চেষ্টা করেন।
দুপুর ২টার দিকে তাঁরা প্রধান ফটক দিয়ে বের হতে চাইলে সেখানে দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাধা দেন। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়। পরে শ্রমিকেরা কারখানার ভেতরে ফিরে যান।
কারখানার মানবসম্পদ বিভাগের সহকারী মহাব্যবস্থাপক আহমেদ জাহান রুমী বলেন, ‘সকালে শ্রমিকরা স্বাভাবিকভাবে কাজে যোগ দিয়েছিলেন। দুপুরের খাবারের বিরতির সময় তারা আন্দোলনে যাওয়ার চেষ্টা করেন। এ সময় টিয়ারশেলের ধোঁয়ায় আক্রান্ত সাত শ্রমিক কারখানার মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা নেন।’
তিনি আরও জানান, শ্রমিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লেও তা সঠিক নয়। ঘটনার পর থেকে কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। তাঁরা অল্প অল্প করে শ্রমিকদের কারখানা থেকে বের করে দিচ্ছেন।
শিল্প পুলিশ-৫-এর পুলিশ সুপার মো. আনছার উদ্দিন বলেন, ‘শ্রমিকরা আন্দোলনের উদ্দেশ্যে কারখানা থেকে বের হতে চাইলে তাদের বোঝানোর চেষ্টা করা হয়। কিন্তু তারা না মানায় বল প্রয়োগ করতে হয়েছে। এ সময় সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়।’
তিনি জানান, কতটি সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানানো সম্ভব নয়। ঘটনাস্থলে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পুলিশ সদস্যরা অবস্থান করছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
Source: জাগো নিউজ২৪






