কুয়েতে ইরানের ড্রোন হামলায় আহত দুই ইতালীয় নাগরিক মারা গেছেন। তারা জার্মানির অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান রাইনমেটালের বেসামরিক কারিগরি কর্মী ছিলেন। কুয়েতের একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ইরানি ড্রোন হামলার পর হতাহতের এই ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কুয়েতের আকাশসীমায় কয়েকটি শত্রু ড্রোন শনাক্ত করে সেগুলো মোকাবিলা করে দেশটির সশস্ত্র বাহিনী। এ সময় ড্রোন হামলার ধ্বংসাবশেষ পড়ে চারজন আহত হন। আহতদের মধ্যে একজন কুয়েতি নাগরিক, দুজন ইতালীয় এবং একজন পাকিস্তানি ছিলেন। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সৌদ আবদুল আজিজ আল-আতওয়ান আগে এ তথ্য জানিয়েছিলেন।

আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে পরে ইতালীয় দুই নাগরিকের মৃত্যু হয়। ইতালীয় সংবাদ সংস্থা আনসা ও বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হামলায় ওই স্থাপনারও ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। কুয়েত কর্তৃপক্ষ হামলার লক্ষ্যবস্তু হিসেবে একটি ‘গুরুত্বপূর্ণ স্থাপনা’র কথা বললেও সেটির নাম বা অবস্থান প্রকাশ করেনি। হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়েও বিস্তারিত জানানো হয়নি।

ইতালীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নিহত দুই প্রযুক্তিবিদ কুয়েতে রাইনমেটালের একটি কাজের প্রকল্পে নিয়োজিত ছিলেন। তারা ড্রোন প্রতিরোধী ব্যবস্থা নিয়ে কাজ করছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে তাদের পরিচয় ও দায়িত্ব সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এ ঘটনায় ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি শোক প্রকাশ করেছেন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি হামলায় ক্ষতিগ্রস্তদের প্রতি সংহতি জানিয়েছেন বলে ইতালীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

সূত্র: আল-জাজিরা

Source: জাগো নিউজ২৪