চট্টগ্রাম নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম তদারক করতে রাতে বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন। গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিনগত মধ্যরাতে এ কার্যক্রম পরিচালনা করেন তিনি। এ সময় তিনি পরিচ্ছন্নতাকর্মীদের উপস্থিতি যাচাইয়ের পাশাপাশি তাদের হাজিরা নেন।
পরিদর্শনকালে নগরীর বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি ও কাজের মান পর্যবেক্ষণ করেন চসিক প্রশাসক। তিনি পরিচ্ছন্নতাকর্মীদের নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেন। পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রমে দায়িত্বশীলতা, আন্তরিকতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
ডা. শাহাদাত হোসেন বলেন, নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রমে কোনো ধরনের অবহেলা বা দায়িত্বে গাফিলতি গ্রহণযোগ্য নয়। নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিয়মিত বর্জ্য অপসারণ করতে হবে। নগরবাসীকে পরিচ্ছন্ন, সুন্দর ও স্বাস্থ্যকর নগর উপহার দিতে চসিকের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
রাতে সরেজমিনে পরিদর্শনের মাধ্যমে নগরীর বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল এবং জবাবদিহিমূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে চসিক।
সূত্র: জাগো নিউজ ন্যাশনাল।
Source: জাগো নিউজ২৪






