চেন্নাইয়ের উদ্যোক্তা ও সমাজসেবী বর্ধমান জৈন এবং তার স্ত্রী রাধিকা জৈন তিরুমালা তিরুপতি দেবস্থানম (টিটিডি)-কে ১২১ কেজি স্বর্ণালংকার দান করেছেন। টিটিডির ইতিহাসে এটি অন্যতম বড় দান হিসেবে বিবেচিত হচ্ছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর উপস্থিতিতে এই অলংকারগুলো মন্দির কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন এই দম্পতি। দানের তালিকায় রয়েছে বিশেষভাবে তৈরি ৪৬টি অলংকার, যার মধ্যে রয়েছে মুকুট, হার, বাহুর অলংকার, কোমরের গহনা এবং অন্যান্য ঐতিহ্যবাহী অলংকার। বেশ কয়েকটি অলংকারে হীরাও বসানো রয়েছে।
এই বিপুল স্বর্ণদানের কারণে বর্ধমান জৈন আলোচনায় এলেও স্বাস্থ্যসেবা প্রযুক্তি ও আউটসোর্সিং খাতে তার পরিচিতি রয়েছে। বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজেও যুক্ত তিনি।
কে এই বর্ধমান জৈন?
বর্ধমান জৈন বৈশ্বিক স্বাস্থ্যসেবা প্রযুক্তি ও রেভিনিউ সাইকেল ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান অ্যাকসেস হেলথকেয়ার প্রতিষ্ঠাতা ও ভাইস চেয়ারম্যান। পাশাপাশি তিনি এশিয়া (চেন্নাই) ইঞ্জিনিয়ারিংয়ের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি চেন্নাইয়ের লয়োলা কলেজ থেকে পরিসংখ্যানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট অস্টিন থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর পড়াশোনা করেন।
১৯৯৭ সালে অনুরাগ জৈনের সঙ্গে মিলে ভিশন হেলথসোর্স প্রতিষ্ঠার মাধ্যমে তার ব্যবসায়িক যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠানটি চিকিৎসা বিল তৈরি ও স্বাস্থ্যসেবা-সংক্রান্ত বিমা দাবি ব্যবস্থাপনার কাজ করত। ২০০৩ সালে পেরট সিস্টেমস ওই প্রতিষ্ঠানটি অধিগ্রহণ করে। ২০০৯ সালে ডেল পেরট সিস্টেমসকে অধিগ্রহণ করার পর বর্ধমান জৈন ডেল সার্ভিসেসের বৈশ্বিক বিজনেস প্রসেস আউটসোর্সিং কার্যক্রমের ব্যবস্থাপনা পরিচালক হন। এ দায়িত্বে তিনি ১০০টির বেশি গ্রাহক প্রতিষ্ঠানের সেবা কার্যক্রম তদারকি করেন এবং তার অধীনে কর্মীর সংখ্যা ছিল প্রায় ৯ হাজার।
পরবর্তী সময়ে তিনি অ্যাকসেস হেলথকেয়ার প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটিকে আন্তর্জাতিক পর্যায়ের স্বাস্থ্যসেবা আউটসোর্সিং ও প্রযুক্তি ব্যবসায় পরিণত করেন। স্বাস্থ্যসেবার বিভিন্ন কাজ সহজ ও দ্রুত করতে প্রতিষ্ঠানটি স্বয়ংক্রিয় প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং মেশিন লার্নিং ব্যবহার করে।
২০২৫ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান নিউ মাউন্টেন ক্যাপিটাল অ্যাকসেস হেলথকেয়ারে কৌশলগত বিনিয়োগের ঘোষণা দেয়। ওই চুক্তিতে প্রতিষ্ঠানটির অধিকাংশ মালিকানা নেওয়ার বিষয়টি ছিল। বিভিন্ন প্রতিবেদনে পুরো লেনদেনের মূল্য ১৫০ কোটি থেকে ২০০ কোটি ডলার বলে উল্লেখ করা হয়।
সমাজসেবায় অবদান ও তিরুপতি মন্দিরে আগের দান
ব্যবসার পাশাপাশি বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত বর্ধমান জৈন। তিনি শ্রী সরিতা জৈন ফাউন্ডেশন ট্রাস্টের ব্যবস্থাপনা ট্রাস্টি। এই প্রতিষ্ঠান শিক্ষা, ক্ষুধার্তদের খাদ্য সহায়তা এবং জরুরি স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করে। এ ছাড়া সুবিধাবঞ্চিত তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে তিনি 'আবিষ্কার' নামে একটি উদ্যোগ প্রতিষ্ঠা করেন। চেন্নাইয়ের কাঞ্চি কামাকোটি চাইল্ডস ট্রাস্ট হাসপাতালের সঙ্গে যুক্ত থেকে শিশুদের স্বাস্থ্যসেবায়ও অবদান রাখছেন তিনি।
তিরুমালা মন্দিরের সঙ্গে বর্ধমান জৈনের সম্পর্ক বেশ কয়েক বছরের। সর্বশেষ স্বর্ণালংকার দানের আগেও তিনি মন্দির-সংশ্লিষ্ট বিভিন্ন কাজে অর্থ ও উপকরণ দিয়েছেন। এর আগে শ্রী ভেঙ্কটেশ্বর ভক্তি চ্যানেলের জন্য ৭ কোটি রুপি, টিটিডির গোশালায় গবাদিপশুর খাবার তৈরির মিশ্রণকেন্দ্র স্থাপনে ৫ কোটি রুপি এবং মুদ্রা বাছাইয়ের যন্ত্র কেনার জন্য ১ কোটি রুপি দান করেন তিনি। মন্দিরের ভেতরে যাতায়াতের সুবিধার জন্য বৈদ্যুতিক বাসও দিয়েছেন এই উদ্যোক্তা।
তথ্যসূত্র: এনডিটিভি ও জাগো নিউজ ইন্টারন্যাশনাল
Source: জাগো নিউজ২৪






