গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পালনকালে হামলার শিকার জরুরি বিভাগের ইমার্জেন্সি মেডিকেল অফিসার (ইএমও) ডা. অসীম কুমার ধরকে দেখতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে গেছেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। বুধবার (২৫ নভেম্বর) প্রধানমন্ত্রীর নির্দেশনায় তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে গিয়ে আহত চিকিৎসকের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
এ সময় দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের কাছ থেকে ডা. অসীম কুমার ধারের চিকিৎসার অগ্রগতি ও শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে চান ডা. বিটু। পাশাপাশি তিনি আহত চিকিৎসকের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন। ডা. বিটু তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং ডা. অসীম কুমার ধারের দ্রুত সুস্থতা কামনা করেন।
ডা. বিটু বলেন, ‘দায়িত্ব পালনরত একজন চিকিৎসকের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। চিকিৎসকেরা মানুষের জীবন রক্ষায় নিরলসভাবে কাজ করেন।’ তিনি রোগীর স্বজনদের প্রতি সহনশীল ও ধৈর্যশীল আচরণের আহ্বান জানিয়ে বলেন, ‘চিকিৎসক ও রোগীর স্বজনদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, আস্থা ও সহমর্মিতা বজায় থাকলে স্বাস্থ্যসেবার পরিবেশ আরও সুন্দর ও নিরাপদ হবে।’
ডা. বিটু আরও বলেন, ‘এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা চিকিৎসকদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি করে এবং দেশের স্বাস্থ্যসেবার স্বাভাবিক পরিবেশকে বাধাগ্রস্ত করে।’ তিনি উল্লেখ করেন, ‘চিকিৎসকদের কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে দেশের প্রতিটি হাসপাতালে আনসার সদস্য নিয়োগ দেওয়া হয়েছে।’
এ সময় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী, উপপরিচালক অধ্যাপক ডা. এস এম ই আল বাকের, সহযোগী অধ্যাপক ডা. মো. সারওয়ার হোসেন, সহযোগী অধ্যাপক ডা. মো. ওয়াসিম, সহযোগী অধ্যাপক ডা. আমিনুর রাজ্জাক, সহকারী অধ্যাপক ডা. মো. রাশেদুল হাসান, ডা. সামিউর রহমান শাহ ও ডা. মো. তফিজুল ইসলামসহ হাসপাতালের অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ২৩ নভেম্বর সোমবার সন্ধ্যা সাতটার দিকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পালনকালে রোগীর স্বজনদের সঙ্গে বাক্বিতণ্ডার একপর্যায়ে হামলার শিকার হন ডা. অসীম কুমার ধর। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, এ সময় রোগীর স্বজনেরা চেয়ার দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। এতে আহত হয়ে তিনি বুকে ব্যথা ও চাপ অনুভব করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি আগে থেকেই হৃদ্রোগে আক্রান্ত।
তথ্যসূত্র: জাগো নিউজ
Source: জাগো নিউজ২৪






