পৃথিবীর গলিত কেন্দ্র থেকে সোনা ও অন্যান্য মূল্যবান ধাতু ভূপৃষ্ঠে উঠে আসছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মাধ্যমে এই ধাতুগুলো পৌঁছে যাচ্ছে পৃথিবীর ওপরের স্তরে। হাওয়াই দ্বীপপুঞ্জের আগ্নেয় শিলা পরীক্ষা করে এমন তথ্য পেয়েছেন জার্মানির গটিংজেন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক।
তিন বছর ধরে হাওয়াইয়ের ব্যাসল্ট শিলা নিয়ে গবেষণা চালিয়ে এই সিদ্ধান্তে পৌঁছেছেন তাঁরা। গবেষণা প্রতিবেদনটি গত বছর বিখ্যাত বিজ্ঞান সাময়িকী ‘নেচার’-এ প্রকাশিত হয়েছে। গবেষকদের মতে, সমুদ্রের তলদেশ থেকে উঠে আসা উত্তপ্ত গলিত পাথর বা ম্যাগমার স্রোতের সঙ্গে এসব ধাতু ওপরে উঠে আসে। এই প্রক্রিয়ায় হাওয়াইয়ের মতো আগ্নেয় দ্বীপগুলো তৈরি হয়েছে।
ভূতাত্ত্বিকদের দীর্ঘদিনের সন্দেহ ছিল, পৃথিবীর গলিত কেন্দ্র পুরোপুরি বিচ্ছিন্ন নয়। বরং সেখান থেকে কিছু উপাদান ওপরের পাথুরে স্তর বা ম্যান্টলে মিশে যাচ্ছে। নতুন এই গবেষণায় সেই ধারণার প্রথম শক্তিশালী প্রমাণ মিলেছে।
গটিংজেন বিশ্ববিদ্যালয়ের ভূ-রসায়নবিদ ও গবেষণার প্রধান লেখক নিলস মেসলিং বলেন, প্রায় ৪০ বছর আগে প্রথম এমন ধারণা দেওয়া হয়েছিল। তবে এতদিন কোনো স্পষ্ট প্রমাণ ছিল না। এবারই প্রথম জোরালো প্রমাণ পাওয়া গেল যে কেন্দ্রের কিছু অংশ ম্যান্টলে এসে মিশছে।
বিজ্ঞানীদের তথ্যমতে, পৃথিবীর মোট সোনার ৯৯ দশমিক ৯৫ শতাংশের বেশি লুকিয়ে আছে গলিত কেন্দ্রে। এর সঙ্গে রয়েছে প্লাটিনামের মতো ভারী ধাতুও। প্রায় ৪৫০ কোটি বছর আগে পৃথিবী সৃষ্টির শুরুতে উল্কাপিণ্ডের সংঘর্ষে এসব মূল্যবান ধাতুর বিশাল ভাণ্ডার তৈরি হয়। নতুন গবেষণা বলছে, সেই ভাণ্ডার থেকে সামান্য পরিমাণ সোনা ভূপৃষ্ঠে উঠে আসছে। এই প্রক্রিয়া চলতে থাকলে ভবিষ্যতে কেন্দ্র থেকে আরও সোনা ওপরের স্তরে আসতে পারে।
খনন করে কি এই সোনা তোলা সম্ভব?
কেন্দ্র থেকে উঠে আসা এই সোনার পরিমাণ অত্যন্ত নগণ্য। তাছাড়া সরাসরি উৎস থেকে এই সোনা তোলা বর্তমান প্রযুক্তিতে অসম্ভব। পৃথিবীর কেন্দ্র ও ম্যান্টলের সীমানা ভূপৃষ্ঠ থেকে প্রায় ২ হাজার ৮৯৭ কিলোমিটার গভীরে। মানুষের তৈরি গভীরতম কূপ রাশিয়ার কোলা সুপারডিপ বোরহোলের গভীরতা মাত্র ১২ দশমিক ৩ কিলোমিটার। অর্থাৎ কেন্দ্রের ওই সীমানা মানুষের খনন করা গভীরতম গর্তের চেয়েও প্রায় ২৩৬ গুণ বেশি নিচে।
গবেষকেরা ধারণা করছেন, কেন্দ্র থেকে ভূপৃষ্ঠে এই ধাতু উঠে আসার প্রক্রিয়াটি সম্পন্ন হতে ৫০ কোটি থেকে ১০০ কোটি বছর সময় লাগে। এই প্রক্রিয়া এখনো চলমান। ফলে পৃথিবীতে সোনার মজুত প্রাকৃতিকভাবেই কিছুটা পূরণ হচ্ছে।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া, সিএনএন, জাগো নিউজ ইন্টারন্যাশনাল।
Source: জাগো নিউজ২৪






