নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গাঁকান্দিয়া, কুল্লাগড়া, কাকৈইগড়া ও বিরিশিরি ইউনিয়নের আংশিক এলাকার প্রায় লক্ষাধিক মানুষের উপজেলা সদরের সঙ্গে সরাসরি যোগাযোগের পথ খুলে গেছে। প্রায় ৯০০ মিটার প্রশস্ত সোমেশ্বরী নদীটিই ছিল মূল বাধা। সেই বাধা দূর করেছে শিবগঞ্জ খেয়াঘাটে স্বেচ্ছাশ্রমে নির্মিত একটি দুই লেনের অস্থায়ী কাঠের সেতু।

৭৫০ ফুট দীর্ঘ এই সেতুতে যাতায়াত অনেক সহজ হয়েছে স্থানীয় বাসিন্দাদের। এর সুবিধা পেয়েছেন পর্যটকরাও। সারিবদ্ধ সাদা মাটির পাহাড়, রানীখং টিলায় নান্দনিক ক্যাথলিক মিশন, হাজংমাতা রাশিমণি স্মৃতিসৌধ কিংবা সোমেশ্বরীর স্বচ্ছ জলধারা দেখতে এখন আর পর্যটকদের আগের মতো বেগ পেতে হচ্ছে না। আগে এ পথ পারাপারের একমাত্র উপায় ছিল নৌকা।

সেতু নির্মাণের উদ্যোগ নেন স্থানীয় সংসদ সদস্য ও সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল। তিনি বলেন, ‘মানুষের কষ্ট সাময়িকের জন্য হলেও লাঘবের চেষ্টা করা হয়েছে। আর বড় কথা হচ্ছে, ইচ্ছাশক্তি থাকলে সম্মিলিত প্রচেষ্টায় ভালো কিছু করা সম্ভব, এ সেতু নির্মাণ এরই বাস্তব উদাহরণ। এর সঙ্গে যারা জড়িত রয়েছেন, সবাই ধন্যবাদ পাওয়ার দাবি রাখেন। এই জায়গাটিতে একটা দৃষ্টিনন্দন সেতু নির্মাণের চেষ্টা করছি আমরা।’

স্থানীয় উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত ইতিহাস, ঐতিহ্য, প্রকৃতি আর সংস্কৃতির সংমিশ্রণে অপরূপ লীলাভূমি দুর্গাপুরের আয়তন ২৭৮ দশমিক ২৮ বর্গকিলোমিটার। সেখানে প্রায় ২ লাখ ৩৫ হাজার মানুষের বসবাস। কিন্তু পাহাড় থেকে নেমে আসা দুর্গাপুর পৌর শহর দিয়ে বয়ে চলা সোমেশ্বরী নদী প্রায় চারটি ইউনিয়নকে বিভাজন করে রেখেছিল।

ওই ইউনিয়নগুলোর মানুষকে চৈতাটি, ভবানীপুর ও শিবগঞ্জ ফেরীঘাট দিয়ে নদী পারাপার হয়ে উপজেলার সঙ্গে যোগাযোগ করতে হতো। বিশেষ করে শিবগঞ্জ ঘাট দিয়ে প্রতিদিন প্রায় ৮০ থেকে ৯০ হাজার মানুষ যাতায়াত করতেন। সহজ পথ হওয়ায় ওই পথ দিয়ে পাশের ময়মনসিংহের ধোবাউড়া ও হালুয়াঘাটের মানুষ ছাড়া ভ্রমণপিপাসুরাও চলাচল করেন।

কিন্তু সেখানে স্থায়ী সেতু না থাকায় বছরের প্রায় ছয় মাস নৌকায় ঝুঁকি নিয়ে পারাপার করতে হতো। শুকনা মৌসুমে নদীতে পানি কমে যাওয়ায় পারাপারে সীমাহীন দুর্ভোগ পোহাতে হতো। কখনো ধু ধু বালুর ওপর দিয়ে হেঁটে, কখনো হাঁটুপানি পাড়ি দিয়ে নৌকায় উঠতে হতো।

স্থানীয় বাসিন্দারা জানান, এই দুর্ভোগ লাঘবে উদ্যোগী হন ডেপুটি স্পিকার কায়সার কামাল। তার পরিকল্পনা ও অর্থায়নে এলাকার মানুষ স্বেচ্ছাশ্রমে ৭৫০ মিটার দুই লেনের কাঠের সেতুটি নির্মাণ করেন। অস্থায়ী এই সেতুর সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন তেরীবাজার বড় মসজিদের খতিব মুফতি মাওলানা আবদুর রব, কুল্লাগড়া রামকৃষ্ণ আশ্রমের সম্পাদক প্রভাত চন্দ্র সাহা এবং খ্রিষ্টান মিশনারিজের প্রতিনিধি পঙ্কজ সাংমা।

সেতু নির্মাণে স্বেচ্ছায় শ্রম দেওয়া গাঁকান্দিয়ার মো. শাহ আলম, দক্ষিণ ভবানীপুরের জাহাঙ্গীর মাহমুদ, রুমান আহমেদসহ কয়েকজন জানান, তারা গত ২০ অক্টোবর থেকে সেতু নির্মাণের কাজ শুরু করেন। প্রচুর বাঁশ-কাঠ পুঁতে এর ওপর কাঠের পাটাতন নির্মাণ করা হয়। সেতুটির দৈর্ঘ্য ৭৫০ ফুট এবং প্রস্থ ৮ ফুট।

সেতুটি নির্মাণ করতে ব্যয় হয়েছে প্রায় ২১ লাখ টাকা। স্থায়ী সেতুর বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের নেত্রকোনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. ইলিয়াস ফারুক জানান, ওই নদীর ওপর সেতু নির্মাণে ইতিমধ্যে বিদেশি প্রতিষ্ঠান স্মেক-সিসট্রা-এসিই জয়েন্ট ভেঞ্চার জরিপকাজ সম্পন্ন করেছে। তিনি আশা প্রকাশ করেন, খুব দ্রুত সেতুর কাজ শুরু হবে।

তথ্যসূত্র: জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী

Source: জাগো নিউজ২৪