যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় সেখানে যাবতীয় খরচ বহনের আর্থিক সামর্থ্য নিশ্চিত করতে বার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। এর পাশাপাশি ভিসা ইন্টারভিউয়ের জন্য যথাযথ প্রস্তুতি নিয়ে আসার পরামর্শও দেওয়া হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্ট দেওয়া হয়। পোস্টে অনভিবাসী ভিসা সম্পর্কে দূতাবাস উল্লেখ করে, যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় নিজের যাবতীয় খরচ বহনের মতো আর্থিক সামর্থ্য রয়েছে কি না, তা নিশ্চিত করুন। ভ্রমণে অনাকাঙ্ক্ষিত কোনো বিঘ্ন ঘটলে বা জরুরি চিকিৎসার প্রয়োজন হলে সেই খরচ বহনের প্রস্তুতিও থাকতে হবে।
এতে দূতাবাস আরও জানায়, ভিসা ইন্টারভিউয়ের জন্য যথাযথ প্রস্তুতি নিয়ে আসুন। যুক্তরাষ্ট্রে প্রবেশের পর জীবনযাপনের জন্য সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়ার আশঙ্কা নেই, এমন প্রমাণস্বরূপ প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনুন।
এর আগে, ২৪ নভেম্বর দেওয়া সতর্কতামূলক এক পোস্টে দূতাবাস জানায়, মিথ্যা তথ্য বা জাল নথি দিলে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর আজীবন নিষেধাজ্ঞা জারি হতে পারে।
Source: জাগো নিউজ২৪






