নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের ঘটনায় ভ্রাম্যমাণ আদালত এক ব্যক্তিকে বিপুল অঙ্কের অর্থদণ্ড দিয়েছেন। পাশাপাশি বালু পরিবহনে ব্যবহৃত এক ডজন ইজিবাইক জব্দ করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান শুক্রবার (২৮ নভেম্বর) দুর্গাপুর পৌর এলাকার ঘোরাইত এলাকায় এ অভিযান পরিচালনা করেন। অভিযান সূত্রে জানা যায়, সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ইজিবাইকে পরিবহনের সময় ১২টি বালুবাহী ইজিবাইক আটক করা হয়।

এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাদশা মিয়া নামে এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ লাখ ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান শেষে জব্দ করা বালু সরকারি কাজে ব্যবহারের উদ্দেশ্যে উপজেলা পরিষদ প্রাঙ্গণে রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান বলেন, পরিবেশ ও নদীর স্বাভাবিক প্রবাহ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

তথ্যসূত্র: জাগো নিউজ।

Source: জাগো নিউজ২৪