লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরীকে ফোন করে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক এক নেতা। একই দিনে ফেসবুক লাইভে এসে তিন দিনের আল্টিমেটাম দিয়ে হুমকি দিয়েছেন কার্যক্রমে নিষিদ্ধ যুবলীগের আরেক নেতা।
শনিবার (২৮ নভেম্বর) ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, হুমকির ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে অজ্ঞাত স্থান থেকে ওসির ব্যবহৃত সরকারি মোবাইল ফোন নম্বরে কল করেন রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আফরান খাঁন মাহিম। তিনি পৌরসভার কলচমা এলাকার বাসিন্দা এবং বর্তমানে প্রবাসে রয়েছেন।
ফোনে ওসিকে উদ্দেশ্য করে মাহিম বলেন, ‘আপনার কনস্টেবল মেহেরাজ আমাদের লোকজনকে ধরে মারধর করে, এগুলো কি ঠিক? আপনারা যে এগুলো করতাছেন, কেন করতাছেন? আমাদের আওয়ামী লীগের লোকজনকে ধরে হেনস্তা করতেছেন, তাদেরকে হুমকি ধমকি দিতেছেন, এগুলো কেন ভাই? রাত হলে বাড়িতে বাড়িতে গিয়ে হামলা চালাইতেছেন, এগুলো কেন ভাই?’
তিনি আরও বলেন, ‘অলরেডি আপনার কনস্টেবল মেহেরাজে আওয়ামী লীগ, ছাত্রলীগের পোলাইপানরে এরেস্ট করতাছে, তাদের মোবাইল রেখে দিতাছে, তাদেরকে মরধর করতাছে। তার নামে অনেক অভিযোগ আছে। আপনারা চাকরি করেন, চাকরি করবেন, আপনাদেরকে চাকরি করতে হবে, ক্ষমতা পবির্তনশীল এটা আপনারাও জানে, আমরাও জানি, ঠিক না?’
মাহিম ওসিকে আরও বলেন, ‘৫ আগস্টের সময় পুলিশ হত্যা করেছে, আমরা পুলিশ হত্যার বিচার চাইছি, আমরা এখনো পুলিশকে সাপোর্ট করি। দারোগা ওসি কালকেও বাড়িতে বাড়িতে গিয়ে হামলা চালাইছে, বাড়িতে গিয়ে বিশ্রী ভাষায় গালাগাল করছে।’
ওসি এসবের প্রমাণ চাইলে ছাত্রলীগ নেতা বলেন, ‘আপনি কি ফেসবুক চালান না, আপনি কি দেখেন না ফেসবুকে। রাতের বেলা আপনাদের পুলিশ আমাদের আওয়ামী লীগের লোকের ওপর ঝাপাইয়া পড়ে। আমি বলতে চাই- আপনারা যদি আমাদের আর একটা লোক ধরেন, বিএনপির কথা শুনে আমাদের একজন কর্মীকে যদি ধরেন, রামগঞ্জ থানাসহ জ্বালায় দিমু।’
তিনি আরও হুমকি দিয়ে বলেন, ‘পুলিশ কার্যক্রম করবে, আমাদের আওয়ামী লীগের লোকজনকে কেন ধরবে, তাদের নামে কি কোন ওয়ারেন্ট আছে? ওয়ারেন্ট ছাড়া, মামলা ছাড়া আপনারা লোক ধরেন। আমরা পলিটিক্স করি, আমরা সবকিছু বুঝি। রাতে থানার পুকুর থেকে কে মাছ মেরে নিয়ে যায়, এগুলোও আমাদের জানা আছে, বুঝছেন। আপনি সপ্তাহের ভেতর কয়বার মাইজদি যান, সেটাও আমাদের জানা আছে। নেক্সট টাইম যদি আমাদের আওয়ামী লীগের ও ছাত্রলীগের নেতাকর্মীকে এরেস্ট করেন আপনাদের অবস্থা খারাপ হয়ে যাইবো এবার।’
একই দিনে ফেসবুক লাইভে এসে রামগঞ্জ থানার ওসিকে উদ্দেশ্য করে হুমকি দিয়েছেন উপজেলার করপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু জাফর রানা। তিনি করপাড়া গ্রামের বাসিন্দা এবং বর্তমানে আত্মগোপনে রয়েছেন।
ফেসবুক লাইভে রানা বলেন, ‘আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের আর একজন নেতাকর্মীকেও যদি পুলিশ হয়রানি করে, তাহলে কোনো ছাড় দেওয়া হবে না। ওসি আপনাকে বলছি, এখনো সময় আছে। আপনি থাকবেন, আপনার পরিবারও থাকবে, কোথাও যেতে পারবেন না। আগামী তিন দিনের মধ্যে করপাড়া ইউনিয়নে জয় বাংলার প্রতিধ্বনি হবে। পারলে আপনি ঠেকান। হয় আপনারা থাকবেন, না হয় আমরা থাকব।’
প্রতিবেদকের হাতে এসেছে ফোনালাপের রেকর্ড ও ফেসবুক লাইভের ভিডিও। তবে কখন ও কোন স্থান থেকে লাইভ ভিডিও এবং ফোনালাপের রেকর্ডটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
নাম প্রকাশ না করার শর্তে উপজেলা ও পৌর বিএনপির তিনজন নেতা জানান, পলাতক আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আসন্ন স্থানীয় নির্বাচনে অংশ নিতে তারা দৌড়ঝাঁপ করছে। স্থানীয় কিছু নেতার ছত্রছায়ায় থেকে তারা এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও হুমকি দেওয়ার সাহস পাচ্ছে বলে মন্তব্য করেন তাঁরা।
এ ব্যাপারে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ‘ঘটনাগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অজ্ঞাত স্থান থেকে তারা এসব হুমকি-ধমকি দিচ্ছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’
তথ্যসূত্র: জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী
Source: জাগো নিউজ২৪






