রাজধানীর যাত্রাবাড়ী থানার সায়দাবাদ ফ্লাইওভারের উপরে একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় মোহাম্মদ রাজিব (৪০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তিনি পেশায় একটি তেল পাম্পের কর্মচারী ছিলেন।
রবিবার (২৯ নভেম্বর) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পৌনে ২টার দিকে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকেল পৌনে ৪টার দিকে তিনি মারা যান।
তাঁকে হাসপাতালে নিয়ে আসা রায়হান জানান, নিহত রাজিব মোটরসাইকেল চালিয়ে সায়দাবাদ হানিফ ফ্লাইওভারের উপরে যাওয়ার সময় একটি দ্রুতগামী অজ্ঞাত গাড়ি তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। রায়হান বলেন, পরে তাঁরা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
রায়হান আরও জানান, নিহত রাজিবের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলায়। ওই জেলার ভেদরগঞ্জ থানাধীন শিকদারবাড়ি এলাকার আফতাব শিকদারের ছেলে তিনি। বর্তমানে তিনি যাত্রাবাড়ীর রসুলপুর এলাকায় থাকতেন। নিহত রাজিব একটি সিএনজি পাম্পে চাকরি করতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
তথ্যসূত্র: জাগো নিউজ জাতীয়।
Source: জাগো নিউজ২৪






