জাতিসংঘের অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ কোস্টারিকা ছেড়ে চলে গেছেন। দেশটির কর্তৃপক্ষ ‘জাতীয় নিরাপত্তার’ কারণ দেখিয়ে তাঁকে প্রবেশ করতে না দেওয়ায় বিমানবন্দরে দুই রাত আটকে থাকতে হয়েছিল তাঁকে। ইতালির নাগরিক আলবানিজ গত বৃহস্পতিবার কোস্টারিকার হুয়ান সান্তামারিয়া বিমানবন্দরে পৌঁছালে তাতে দেশটিতে প্রবেশের অনুমতি পাননি।
পরে শনিবার (২৮ নভেম্বর) সকালে দেশটির সাংবিধানিক আদালতের নির্দেশে তাঁকে বিমানবন্দরের কাছের একটি হোটেলে যাওয়ার অনুমতি দেওয়া হয়। তবে কয়েক ঘণ্টা পরই তিনি কোস্টারিকা ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। শনিবার বিমানে ওঠার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি লেখেন, ‘কোস্টারিকার মানুষ, আপনাদের ধন্যবাদ। আপাতত বিদায়। কোস্টারিকা আবার স্বাধীন হলে আমি ফিরে আসবো, প্রতিশ্রুতি দিচ্ছি।’ শনিবার তিনি মেক্সিকো সিটিতে পৌঁছান।
সেখানে কোস্টারিকার সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান অর্থমন্ত্রী রদ্রিগো চাভেসের অভিযোগের জবাব দেন আলবানিজ। সামাজিক যোগাযোগমাধ্যমে চাভেস তাঁর বিরুদ্ধে ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছিলেন। আলবানিজ বলেন, ‘আপনার কাছে যদি কোনো প্রমাণ না থাকে, তাহলে আশা করি বিচার বিভাগের কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। কারণ এটি মানহানিকর বক্তব্য।’ তিনি আরও বলেন, ‘আমি জানি, প্রতিবেশী দেশগুলো থেকে এই অঞ্চলের ওপর অনেক চাপ রয়েছে। কিন্তু মানবিকতা বলে একটা বিষয় আছে।’
আলবানিজ কোস্টারিকায় গিয়েছিলেন দেশটির রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব কোস্টারিকা থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করতে। কিন্তু তাঁকে বিমানবন্দরে আটকে রাখার ঘটনায় মধ্য ছোট দেশটির নিরাপত্তা ও পররাষ্ট্রনীতিতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে ক্রমবর্ধমান ঘনিষ্ঠতার বিষয়টি আলোচনায় উঠে এসেছে।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ভলকার তুর্ক শুক্রবার আলবানিজকে প্রবেশ করতে না দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। বিমানবন্দরে আটকে দেওয়ার পর তিনি কোস্টারিকার কর্তৃপক্ষকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান। জাতিসংঘের মানবাধিকার দপ্তরও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, ‘জাতীয় নিরাপত্তার’ কারণ দেখিয়ে আলবানিজকে কোস্টারিকায় প্রবেশ করতে না দেওয়া হয়েছে।
সূত্র: আল-জাজিরা
Source: জাগো নিউজ২৪






