শেরপুরে বন্যাপ্রবণ চরাঞ্চলের মানুষের জীবন বাঁচানো ও ত্রাণ পৌঁছানোর কথা থাকলেও দুটি রেসকিউ বোট এখন পড়ে আছে বালুচরে। প্রায় চার বছর আগে এক কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে কেনা হয়েছিল বোটগুলো। কিন্তু বন্যাপ্রবণ চরাঞ্চলের মানুষের জীবন বাঁচানোর কাজে ব্যবহারের পরিবর্তে সেই বোটগুলোই এখন অযত্নে-অবহেলায় পড়ে রয়েছে। ফলে কাজেই আসছে না বোট দুটি।

শেরপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ের তথ্যমতে, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে দ্রুত উদ্ধারকাজের জন্য ২০২২ সালের ২৬ এপ্রিল শেরপুরে দুটি মাল্টিপারপাস রেসকিউ বোট বরাদ্দ দেয় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। বহুমুখী উদ্ধার ও অনুসন্ধান কাজের জন্য ‘নৌযান সংগ্রহ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ’ প্রকল্পের আওতায় বোট দুটি দেওয়া হয়। যার একটির নাম ‘গজনী-১’, অপরটির নাম ‘গজনী-২’। ৮০ জন যাত্রী ধারণক্ষমতার প্রতিটি রেসকিউ বোটের দৈর্ঘ্য ৫৪ ফুট এবং প্রস্থ সাড়ে ১২ ফুট।

খোঁজ নিয়ে জানা যায়, গজনী-১ ও গজনী-২ পরিচালনার জন্য সাইদুল ইসলাম ও সমেশ সাংমাকে অস্থায়ী নিয়োগ দেয় জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের কর্মকর্তারা। তারা দুজনে দেড় বছর দায়িত্ব পালন করেন। কিন্তু কার্যালয় থেকে তারা পাঁচ মাসের বেতন নিয়মিত পেলেও পরবর্তী ১৩ মাসের কোনো বেতন পাননি।

চালক সাইদুল ইসলাম জাগো নিউজকে বলেন, “আমরা নদীপাড়ে বোটের দায়িত্বে ছিলাম দেড় বছর। বকেয়া টাকার জন্য জেলা অফিসে গেলে ‘দিচ্ছি’, ‘টাকা আসছে’ বলে বলে আর দেয়নি।”

একই কথা বলেন শমেস সাংমা। তিনি জাগো নিউজকে বলেন, ‘বেতন না পেলে আমাদের পরিবার কীভাবে চলবে? ১৩ মাসের বেতন এখনো পাইনি। অফিসে বহুবার গেছি, টাকা পাইনি।’

সরেজমিনে দেখা গেছে, শেরপুর সদর উপজেলার কামারের চর ইউনিয়নের পুরাতন ব্রহ্মপুত্র এবং দশানী নদীর মোহনায় বোট দুটি যেন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। একটি বোট ডুবে আছে মাটি-পানির নিচে, অপরটি অর্ধেক ডুবন্ত অবস্থায় কোনোমতে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। নিয়মিত ব্যবহার ও রক্ষণাবেক্ষণের অভাবে বোটের বিভিন্ন অংশ নষ্ট হয়ে গেছে। দেখভালের অভাবে চুরি হয়ে গেছে মূল্যবান যন্ত্রাংশ।

সরকারি অর্থে কেনা এসব বোটের এমন অবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বোটগুলো কেনার পর থেকে যথাযথ তদারকি ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা নিশ্চিত করা হয়নি। দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকায় সেগুলোর কার্যকারিতা নষ্ট হয়ে গেছে।

স্থানীয় স্কুলশিক্ষক আবু জাফর ছিদ্দিক জাগো নিউজকে বলেন, ‘শুধু সরকারি অর্থ ব্যয় করে উদ্ধারযান কিনলেই দায়িত্ব শেষ হয় না। সেগুলো সচল রাখতে নিয়মিত দেখভাল, প্রয়োজনীয় মেরামত এবং পরিচালনার জন্য লোকবলও নিশ্চিত করতে হয়।’ তিনি বনে, ‘দুজন লোক প্রথম দিকে থাকলেও পরবর্তীতে বেতন না পাওয়ায় তারা চলে যায়। এরপর থেকে দেখভালের জন্য আর কেউ আসেনি। বোট দুটি অবহেলায় পড়ে আছে।’

কামরুল হাসান নামের আরেকজন বলেন, ‘বন্যাপ্রবণ চরাঞ্চলের দুর্যোগ মোকাবিলায় দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা করার জন্য বোট দুটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। বিশেষ করে দুর্গম এলাকাগুলোতে পানিবন্দি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে রেসকিউ বোটের বিকল্প নেই। অথচ কোটি টাকা ব্যয়ে কেনা বোট দুটি পড়ে রয়েছে অযত্নে।’

কামারের চর উন্নয়ন পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট পাপুল আহমেদ বলেন, ‘দুর্গত মানুষকে উদ্ধার এবং তাদের কাছে ত্রাণ পৌঁছে দিতে রেসকিউ বোটের অনেক গুরুত্ব রয়েছে। বিশেষ করে দুর্গম গ্রামগুলোতে বন্যার পানি বেড়ে গেলে শিশু, নারী, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া কঠিন হয়ে পড়ে। কোথাও কোথাও নৌযানের অভাবে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমও ব্যাহত হয়। এমন পরিস্থিতি মোকাবিলায় রেসকিউ বোটগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারত। কিন্তু বাস্তবে সেগুলো পড়ে রয়েছে নদীর বালুচরে।’

কামারের চর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সাঈদ বলেন, ‘চরে বন্যার সময় অনেক মানুষ পানিবন্দি হয়ে পড়েন। নিচু এলাকা হওয়ায় চরাঞ্চলের মানুষের দুর্ভোগ সবচেয়ে বেশি। তাদের উদ্ধার করতে নৌযানের প্রয়োজন হয়। অথচ রাষ্ট্রের টাকায় কেনা বোটগুলো পড়ে থেকে নষ্ট হচ্ছে। বন্যার সময় এগুলো কাজে লাগানো গেলে মানুষ অনেক উপকার পেত।’

এ বিষয়ে জানতে চাইলে শেরপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. রোকনুজ্জামান অসৌজন্যমূলক আচরণ করেন। তিনি বলেন, ‘দেশে এত কিছু হচ্ছে, তা না দেখে আপনারা পড়ে আছেন ভাঙা বোট নিয়ে। বোটের বরাদ্দের টাকা কোথায় খরচ হয়েছে, তার হিসাব দিতে পারব না।’ একপর্যায়ে তিনি মারমুখী আচরণ করেন।

শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, প্রয়োজনীয় লোকবল ও বরাদ্দ না থাকায় বোটগুলো যথাযথভাবে রক্ষণাবেক্ষণ কিংবা সচল রাখা সম্ভব হচ্ছে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

Source: জাগো নিউজ২৪