কক্সবাজারের উখিয়ায় গ্যাসকূপের সার্ভের কাজ চলাকালে বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানির (বাপেক্স) সাত কর্মী দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে প্রতিষ্ঠানটির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) রাকিবুল হাসানও রয়েছেন।
রোববার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী খাল ব্রিজ এলাকায় কূপটির সার্ভের কাজ চলাকালে এ বিস্ফোরণ ঘটে বলে জাগো নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে।
আহতদের মধ্যে চারজন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। বাকি তিনজন কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
বাপেক্সের উপমহাব্যবস্থাপক ড. আব্দুস সালাম জানান, গ্যাসকূপের আগুন নিয়ন্ত্রণে আসার পর সেখানে সার্ভের কাজ করছিলেন বাপেক্সের কর্মীরা। এ সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং কূপ থেকে আগুনের কুণ্ডলী বের হয়ে আসে। এতে সাতজন দগ্ধ ও আহত হন।
আহত অন্যদের মধ্যে রয়েছেন বাপেক্সের রিগ মেকানিক ফিরোজ আহমেদ ও মোহাম্মদ জনি।
এর আগে, গত ২৭ অক্টোবর উখিয়ার ছোট ইনানী খাল ব্রিজ এলাকায় গভীর নলকূপ স্থাপনের সময় ভূগর্ভ থেকে গ্যাস উদগীরণ শুরু হয়। একপর্যায়ে উদগিরিত গ্যাসে আগুন ধরে যায়। এরপর টানা এক মাস ধরে কূপটিতে আগুন জ্বলছিল।
প্রায় এক মাস পর গত ২৭ নভেম্বর বাপেক্সের বিশেষজ্ঞ দল কূপের আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এরপর কূপ এলাকায় সার্ভের কাজ শুরু করেন প্রতিষ্ঠানটির কর্মীরা। তবে আগুন নিয়ন্ত্রণে আসার দু’দিনের মাথায় বিস্ফোরণের ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
তথ্যসূত্র: জাগো নিউজ
Source: জাগো নিউজ২৪






