খাগড়াছড়িতে শিক্ষার্থীদের যাতায়াতের দুর্ভোগ কমাতে একটি ইজিবাইক এবং শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে উৎসাহ জোগাতে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে এ মানবিক উদ্যোগ গ্রহণ করে খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি)।
রোববার (২৯ নভেম্বর) দুপুরে খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি)-এর উদ্যোগে চেঙ্গী বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসব উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ইজি বাইকটি হস্তান্তর করেন ৩২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহারিয়ার রাজীব। একই সঙ্গে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ধরনের খেলাধুলার সামগ্রী তুলে দেন তিনি। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে লেফটেন্যান্ট কর্নেল মো. শাহারিয়ার রাজীব বলেন, সীমান্ত সুরক্ষা ও আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি ৩২ বিজিবি শিক্ষা, স্বাস্থ্য এবং স্থানীয় জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে সহায়তা করা এবং তাদের জন্য অনুকূল পরিবেশ তৈরিতে বিজিবি সব সময় সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করছে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের যাতায়াতের দুর্ভোগ কমাতে ইজি বাইকটি বিদ্যালয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি খেলাধুলার সামগ্রী বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শরীরচর্চা ও সহশিক্ষা কার্যক্রমে আগ্রহী করে তোলার চেষ্টা করা হয়েছে। শিশুদের সুস্থভাবে বেড়ে ওঠা, শৃঙ্খলাবোধ, পারস্পরিক সহযোগিতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ইজি বাইক হস্তান্তর এবং শিক্ষার্থীদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেওয়ার মধ্য দিয়ে ৩২ বিজিবির এ উদ্যোগ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের পাশে দাঁড়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষা ও খেলাধুলায় আরও উৎসাহিত করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
Source: জাগো নিউজ২৪






