নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভায় জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ রক্ষার লক্ষ্যে খাল পরিষ্কার এবং অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু হয়েছে। রোববার (২৯ নভেম্বর) দিনব্যাপী পৌরসভার হাজী বাড়ি থেকে রূপসী স্লুইচ গেট পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। পৌর কর্তৃপক্ষের উদ্যোগে পরিচালিত এই অভিযানে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আব্দুল্লাহ-বিন-শফিক, পৌর নির্বাহী কর্মকর্তা শরীফুল ইসলাম ভূঁইয়া, সহকারী প্রকৌশলী জাকির হোসেন, সহকারী প্রকৌশলী (পানি সরবরাহ) আতাউর রহমান, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পৌরসভা কর্তৃপক্ষ জানায়, উপজেলার তারাবো পৌর এলাকার রূপসী স্লুইচ গেট থেকে বানিয়াদি পর্যন্ত খালটি বিভিন্ন স্থানে দখল ও দূষণের কারণে তার কার্যকারিতা হারিয়েছে। ফলস্বরূপ, সামান্য বৃষ্টিপাত হলেই নিচু এলাকা প্লাবিত হচ্ছে। জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ রক্ষার জন্যই এই অবৈধ স্থাপনা উচ্ছেদ ও খাল সংস্কার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে খালটি বিভিন্ন ময়লা-আবর্জনায় ভরে গিয়েছিল। এর ফলে মশা-মাছির প্রকোপ বেড়ে গিয়েছিল এবং চারপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল, যা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। খাল খনন ও পরিচ্ছন্নতার মাধ্যমে অবৈধ দখল ও ময়লা-আবর্জনা দূর হবে এবং খালটি পুনরায় তার স্বাভাবিক রূপ ফিরে পাবে বলে তারা আশা প্রকাশ করেন।

তারাবো পৌর প্রশাসক ও রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আব্দুল্লাহ-বিন-শফিক বলেন, দীর্ঘদিন ধরে খাল দখল করে অবৈধ স্থাপনা গড়ে তোলার কারণে পানি নিষ্কাশন ব্যবস্থা ব্যাহত হচ্ছিল এবং বর্ষা মৌসুমে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হতো। তিনি আরও উল্লেখ করেন, জনদুর্ভোগ লাঘব এবং খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতেই এই উচ্ছেদ ও সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

তথ্যসূত্র: জাগো নিউজ।

Source: জাগো নিউজ২৪