খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার মোহাম্মদপুর বড়ঝলা এলাকায় ধলিয়া খালের ওপর কাঠের একটি ঝুলন্ত সেতু। সেতুর পাটাতনে পা রাখলেই দুলতে থাকে পুরো কাঠামো। নিচে খালের পানি। প্রতিবার পার হতে গেলে ভয় আর আতঙ্কে কেঁপে ওঠে স্কুলছাত্রী রাইসা ও মাহিয়ার বুক। তবু স্কুলে যেতে হলে এই ঝুঁকিপূর্ণ সেতুই তাদের একমাত্র ভরসা।

ভুক্তভোগীদের অভিযোগ, বর্ষায় পাহাড়ি ঢলে খালের পানি বেড়ে গেলে পুরোপুরি বন্ধ হয়ে যায় পারাপার। তখন স্কুলে যাওয়া, রোগী হাসপাতালে নেওয়া কিংবা নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহ—সবকিছুতেই তৈরি হয় অনিশ্চয়তা। এমন দুর্ভোগের মধ্যেই বছরের পর বছর কাটছে এলাকার অন্তত ১২টি গ্রামের হাজারো মানুষের।

হাসপাতাল সড়কসংলগ্ন ধলিয়া খালের ওপর স্থায়ী সেতু না থাকায় কাঠের একটি ঝুলন্ত সেতুর ওপর নির্ভর করতে হচ্ছে তাদের। শিক্ষার্থী, বয়স্ক মানুষ, রোগী ও অন্তঃসত্ত্বা নারীসহ প্রতিদিন অসংখ্য মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে পার হতে হচ্ছে সেতুটি।

স্থানীয়দের ভাষ্য, স্বাভাবিক সময়েও সেতুটির অবস্থা ঝুঁকিপূর্ণ। কাঠের পাটাতন দেবে গেছে, কোথাও কোথাও নড়বড়ে হয়ে পড়েছে। একসঙ্গে কয়েকজন চলাচল করলেই দুলতে থাকে পুরো সেতু। মাঝেমধ্যে পাটাতন ভেঙে বা দেবে গিয়ে শিশু ও বয়স্করা দুর্ঘটনার শিকার হন। সেতুটি ব্যবহারের উপযোগী রাখতে স্থানীয়রা নিজেরাই বাঁশ-কাঠ দিয়ে মেরামত করেন। কিন্তু এসব উদ্যোগ সাময়িক। কিছুদিন পর আবারও আগের অবস্থায় ফিরে যায় সেতুটি। ফলে প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় বাসিন্দাদের।

মোহাম্মদপুর ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল্লাহ বলেন, ‘বছরের পর বছর ধরে আমরা এই ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে যাতায়াত করছি। বর্ষা শুরু হলেই দুর্ভোগ বেড়ে যায়। খালের পানি বাড়লে হাসপাতালে রোগী নেওয়া কিংবা শিশুদের স্কুলে পাঠানোও বন্ধ হয়ে যায়। একটি স্থায়ী সেতু ছাড়া এই সমস্যার সমাধান হবে না।’

বর্ষায় বিচ্ছিন্ন হয়ে পড়ে জনপদ

বর্ষাকালে পাহাড়ি ঢলে ধলিয়া খালের পানি দ্রুত বেড়ে যায়। কখনো ঝুলন্ত সেতুটি পানিতে তলিয়ে যায়, কখনো ভেসে যায়। তখন খালের ওপারের মানুষের সঙ্গে কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বাজারে যাওয়া, প্রয়োজনীয় পণ্য সংগ্রহ কিংবা জরুরি চিকিৎসার জন্য বের হওয়াও কঠিন হয়ে ওঠে।

দীর্ঘদিন ধরে এলাকায় বসবাসরত লাব্রেচাই মারমা বলেন, ‘নির্বাচনের আগে সবাই সেতু নির্মাণের আশ্বাস দেন। কিন্তু পরে আর কেউ খোঁজ নেন না। বর্ষাকালে বাজারে যেতে না পেরে অনেক সময় কষ্টে দিন কাটাতে হয়। মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে এখানে দ্রুত সেতু করা দরকার।’

স্কুলে যাওয়া নিয়েও অনিশ্চয়তা

সেতুর ঝুঁকির প্রভাব পড়ছে শিশুদের শিক্ষাজীবনেও। স্কুলে যেতে প্রতিদিন এই সেতু পার হতে হয় রাইসা ও মাহিয়াকে। কিন্তু পাটাতন দুলতে থাকায় আতঙ্ক নিয়েই চলাচল করতে হয় তাদের। বৃষ্টি বেশি হলে খালের পানি বেড়ে যাওয়ায় স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়। এতে নিয়মিত পড়াশোনাও ব্যাহত হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধিরা স্থায়ী সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। মোহাম্মদপুর, রসুলপুর, বড়ঝলা, ছনখোলা পাড়া, আটবাড়ি, তৈকাতান ও মিস্ত্রিপাড়াসহ আশপাশের প্রায় ১২টি গ্রামের পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর মানুষ এই দুর্ভোগের শিকার হচ্ছেন।

আশ্বাস আছে, অপেক্ষা শেষ হচ্ছে না

এ বিষয়ে মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল বলেন, ‘বিগত সময়ে অনেকেই সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু কাজ হয়নি। খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া বিষয়টি নিয়ে সোচ্চার। ধলিয়া খালের ওপারের বাসিন্দাদের দুর্ভোগ নিরসনে আশা করছি, শিগগিরই এখানে একটি স্থায়ী সেতুর কাজ শুরু করা সম্ভব হবে।’

গ্রামবাসীর দুর্ভোগের বিষয়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু বলেন, ‘ধলিয়া খালের ওপর ঝুলন্ত সেতু দিয়ে স্থানীয়দের ঝুঁকিপূর্ণ পারাপারের বিষয়টি আমরা অবগত। ওপারের অধিবাসীদের দুর্ভোগ লাঘবে স্থায়ী সমাধানের লক্ষ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। আশা করছি, দ্রুতই এর সুরাহা হবে।’

তবে স্থায়ী সেতু নির্মাণের কাজ কবে শুরু হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো সময়সীমা জানা যায়নি। ফলে প্রতিদিন ঝুঁকি নিয়েই সেতুটি ব্যবহার করতে হচ্ছে হাজারো মানুষকে। স্থানীয়দের প্রত্যাশা, এবার আর শুধু আশ্বাস নয়, বাস্তবে উদ্যোগ নেওয়া হবে। কারণ ধলিয়া খালের ওপর একটি স্থায়ী সেতুর জন্য তাদের অপেক্ষা কয়েক মাসের নয়, বছরের পর বছর। এরই মধ্যে প্রজন্ম বদলেছে, শিক্ষার্থীরা বড় হয়েছে; কিন্তু সেতুর দাবি পূরণ হয়নি।

তথ্যসূত্র: জাগো নিউজ

Source: জাগো নিউজ২৪