জীবন-মৃত্যুর মুহূর্তে সহায়তার পরিবর্তে নিজের নিরাপত্তা নিশ্চিত করায় ভরকেন্দ্রে চলে এসেছে একটি বিবাহিত জীবন। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার এক নারী ভূমিকম্পের সময় তাঁকে বাঁচানোর চেষ্টা না করে একা দৌড়ে পালিয়ে যাওয়ায় স্বামীকে ডিভোর্স দিয়েছেন বলে জানা গেছে। ঘটনাটি সামনে এসেছে টিকটক প্ল্যাটফর্মে @evanalexisoliver নামের অ্যাকাউন্ট থেকে প্রকাশিত একটি ভিডিওর মাধ্যমে, যা এখন ব্যাপক আলোচনা তৈরি করেছে।

টিকটক ভিডিওতে ওই নারী জানান, ‘একদিন আমরা একটি রেস্তোরাঁয় ছিলাম। এমন সময় ভূমিকম্প হয়। আশপাশে যারা ছিল তারা সবাই তাদের সঙ্গীকে উঠে দাঁড়াতে বা টেবিলের নিচে লুকোতে সাহায্য করছিল। আর আমার স্বামী টেবিল থেকে লাফিয়ে দৌড়ে পালায়।’

তিনি আরও জানান, তাঁর স্বামীর ধারণা ছিল তিনি (এই নারী) তাঁকে দেখতে পাননি। কিন্তু রেস্তোরাঁয় তারা যেখানে বসে খাচ্ছিলেন, স্বামী ঠিক তাঁর উল্টোপাশেই গিয়ে লুকিয়েছিলেন। ওই নারী বলেন, ‘তবে তাকে যে দেখা যাচ্ছিল তা তিনি বুঝতে পারেননি।’

ভিডিওতে তিনি উল্লেখ করেন, ওই ভূমিকম্পে কেউ আহত হয়নি। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো, তাঁর অসহায়ত্ব দেখে রেস্তোরাঁয় যারা খাবার পরিবেশন করছিলেন তারাও দুঃখপ্রকাশ করেন। এদের মধ্যে একজন এসে তিনি ঠিক আছেন কি না তা জানতে চান। এরপর ওই নারীকে উদ্দেশ্য করে রেস্তোরাঁর ওই কর্মী বলেন, ‘এটা খুবই অদ্ভুত যে সে (ওই নারীর স্বামী) আপনাকে এভাবে ফেলে চলে গেল।’

ওই নারী আরও বলেন, ‘ঘটনাটি আমার জন্য খুবই অপমানসূচক ছিল। এটা খুবই অদ্ভুত ও লজ্জাজনক ছিল। সে আমার কথা ভাবলোই না।’

এ ঘটনার পর থেকেই নর্থ ক্যারোলাইনার ওই নারী তাঁর স্বামীকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেন।

তথ্যসূত্র: জাগো নিউজ, নিউ ইয়র্ক পোস্ট ও টিকটক।

Source: জাগো নিউজ২৪