পাবনার চাটমোহর উপজেলায় বালুবোঝাই একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুজন নিহত ও দুজন আহত হয়েছেন। রোববার (২৯ নভেম্বর) ভোরে উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদড়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন—চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের শুকুরভাঙ্গা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে অটোভ্যানচালক আব্দুল মমিন (৩০) এবং মহেলা গ্রামের ইয়াসিন আলীর ছেলে কৃষক নজরুল হোসেন (৭০)।

আহত হয়েছেন নজরুল ইসলামের ছেলে হাফিজুল ইসলাম (৪০) এবং আজগার আলীর ছেলে মোজাম আলী (৪৫)। গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য পাবনা ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে চাটমোহর রেলবাজার (অমৃত কুন্ডা) হাটে যাওয়ার জন্য কৃষিপণ্য বোঝাই একটি অটোভ্যানে রওনা দেন নজরুল ইসলামসহ অন্যরা। পথে ভাদড়া বাইপাস এলাকায় পৌঁছালে ব্যাটারিচালিত অটোভ্যানটির শ্যাপ ভেঙে যায়। এ সময় পেছন থেকে আসা বালুবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাক ও ক্ষতিগ্রস্ত ভ্যান জব্দ করা হয়েছে। তিনি আরও বলেন, পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তথ্যসূত্র: জাগো নিউজ–বাংলাদেশ।

Source: জাগো নিউজ২৪