ফেনী জেলায় শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে একাধিক স্থানে নাশকতার ঘটনা ঘটেছে। জেলা নির্বাচন কার্যালয় ও একটি ইউনিয়ন ভূমি অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ, একটি মাদরাসা ও দুটি মালবোঝাই ট্রাকে অগ্নিসংযোগ এবং শহরের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় বিভিন্ন প্রতিষ্ঠানের ভবন, মালামাল ও গুরুত্বপূর্ণ নথিপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরো জেলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ ও তদন্ত কার্যক্রম চালায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত দেড়টার দিকে ফেনী শহরের মিজান রোডে জেলা নির্বাচন কার্যালয়ের প্রধান ফটক লক্ষ্য করে পরপর তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেলে আসা মুখোশধারী দুই যুবক কার্যালয়ের সামনে নেমে পেট্রোল বোমা নিক্ষেপ করেন। পরে তারা মোটরসাইকেলে করে পালিয়ে যান। এতে কার্যালয়ের প্রধান ফটকের ভেতরে আগুন ধরে যায়।
একই সময়ে শহরের ট্রাংক রোড এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত আড়াইটার দিকে শহরতলির মহিপাল ও রামপুর সড়ক এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুটি মালবোঝাই ট্রাকে আগুন দেওয়া হয়। আগুনে ট্রাক দুটি ও মালামাল পুড়ে যায়।
এদিকে রাত দেড়টার দিকে সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে একজনকে ভবনের দেওয়াল, মেঝে ও ভেতরে পেট্রোল ছিটিয়ে আগুন দিতে দেখা যায়। আরেকজন ঘটনাটির ভিডিও ধারণ করেন। ইউনিয়ন ভূমি কর্মকর্তা জানিয়েছেন, আগুনে ভূমি অফিসের নথিপত্রসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে রাত একটার পর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনিয়া উম্মুল মোমেনীন মহিলা আলিম মাদরাসায় আগুন দেওয়া হয়। স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি। এতে মাদরাসার একটি কাঁচা ঘর সম্পূর্ণ পুড়ে যায়। ওই ঘরে কয়েকটি শ্রেণির পাঠদান ও অফিসের কার্যক্রম পরিচালিত হতো।
এর আগের দিন শনিবার ভোরে ফেনী সদর উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি গ্যারেজে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন দেওয়া হয়। চট্টগ্রামমুখী লেনে পল্লী বিদ্যুতের বিপরীতে পূর্ব চন্দ্রপুর মেটালের সামনে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি পেট্রোল বোমা উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে, তাতে দুজনকে দেখা গেছে বলে জানা গেছে।
এর আগে শুক্রবার ভোরে মহাসড়কের মোহাম্মদ আলী এলাকায় আরেকটি ট্রাকে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া যায়। এছাড়া চলতি মাসের মাঝামাঝি সময়ে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় ও সাব-রেজিস্ট্রি অফিসের সামনে এবং ফুলগাজীতে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে।
রাতভর নাশকতা প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি মাঠে সক্রিয় ছিল ছাত্রদল। জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল ও ফেনী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি নোমানুল হকের নেতৃত্বে নেতাকর্মীরা শহরের বিভিন্ন সড়ক ও আশপাশের এলাকায় মোটরসাইকেল মহড়া দেন।
এক রাতে জেলায় একাধিক নাশকতার ঘটনা প্রসঙ্গে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মু. সাইফুল ইসলাম বলেন, সব ঘটনা তদন্ত করা হচ্ছে। বিভিন্ন ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের পাশাপাশি নাশকতায় উসকানি ও সহযোগিতাকারীদেরও ছাড় দেওয়া হবে না।
তথ্যসূত্র: জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী
Source: জাগো নিউজ২৪






