চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় এক ব্যক্তির ঘরের দরজা বাইরে থেকে লোহার চেইন দিয়ে আটকে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঘরের ভেতরে আটকা পড়ে দগ্ধ হয়েছেন আজিজুল হক (৬১) নামে এক বৃদ্ধ। তাঁর মাথা ও পিঠের বেশ কিছু অংশ পুড়ে গেছে। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার উত্তর আকুবদন্ডী গ্রামের মৌলানা অলি আহমদের বাড়িতে এ ঘটনা ঘটে বলে জাগো নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
ওই বাড়ির বাসিন্দা নুরুল ইসলাম জানান, মধ্যরাতে তারা আজিজুল হকের টিনশেড সেমিপাকা ঘরে আগুন দেখতে পান। এ সময় চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকেন তিনি। পরে কয়েকজন মিলে তাঁকে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু ঘরের দরজা বাইরে থেকে লোহার চেইন দিয়ে আটকানো থাকায় প্রথমে ভেতরে প্রবেশ করতে পারেননি। পরে দরজা ভেঙে দগ্ধ অবস্থায় আজিজুল হককে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর তাঁকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নুরুল ইসলামের সন্দেহ, জায়গা নিয়ে বিরোধের জেরে কেউ পরিকল্পিতভাবে ঘরে আগুন দিতে পারে। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
প্রত্যক্ষদর্শী ছাবের আহমদ বলেন, তিনি বাড়ির সামনে গিয়ে ঘরে আগুন জ্বলতে দেখেন। তখন আজিজুল হক ভেতরে আটকা ছিলেন। দরজা বাইরে থেকে লোহার চেইন বা হুকজাতীয় কিছু দিয়ে আটকানো ছিল। পরে দরজা ভেঙে তাঁকে বের করা হয়।
বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বে থাকা অলক চাকমা জানান, আগুন লাগার খবর পেয়ে রোববার (২৯ নভেম্বর) মধ্যরাত ৩টা ৭ মিনিটে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে আজিজুল হক নামে একজন দগ্ধ হয়েছেন। তিনি আরও বলেন, আশপাশের লোকজনের কাছ থেকে শত্রুতার জেরে আগুন লাগানোর বিষয়টি জানতে পেরেছেন তারা। তবে আগুন লাগার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
Source: জাগো নিউজ২৪






