কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া সংলগ্ন সমুদ্র এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের একটি বিশেষ অভিযানে মালয়েশিয়াগামী একটি বোট থেকে ৩১৭ জন ভুক্তভোগীকে উদ্ধার করে ৭ জন মানব পাচারকারীকে আটক করা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের কাছে খবর আসে যে, টেকনাফের বাহারছড়ার বড়ডেইল শামুক বিচ সংলগ্ন সমুদ্র এলাকা দিয়ে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নারী, পুরুষ ও শিশুসহ বিপুল সংখ্যক মানুষকে নিয়ে যাওয়া হচ্ছে।

এই তথ্যের ভিত্তিতে আজ ২৯ নভেম্বর ভোর ৪টায় কোস্ট গার্ড স্টেশন শাহপরী, টেকনাফ; স্টেশন ইনানি ও আউটপোস্ট বাহারছড়ার সমন্বয়ে ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত দিলে বোটটি সংকেত অমান্য করে দ্রুত গভীর সমুদ্রের দিকে পালানোর চেষ্টা করে। পরে অভিযানিক দল ধাওয়া করে বড়ডেইল শামুক বিচ সমুদ্র এলাকা থেকে বোটটিকে আটক করতে সক্ষম হয়।

আটক বোটে তল্লাশি চালিয়ে মালয়েশিয়ায় পাচারের সময় ৩১৭ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয় এবং ৭ জন মানব পাচারকারীকে আটক করা হয়।

উদ্ধারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি ও অল্প খরচে বিদেশযাত্রার প্রলোভন দেখিয়ে কক্সবাজার ও টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় যেতে উদ্বুদ্ধ করে সাগরপথে পাচারের পরিকল্পনা করছিল।

উদ্ধারকৃত ভুক্তভোগী, আটককৃত বোট ও মানব পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তথ্যসূত্র: জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী

Source: জাগো নিউজ২৪