রাজধানীর ধানমন্ডি এলাকায় একটি সোনার গয়নার দোকান থেকে প্রায় ৩৮ কোটি টাকার অলংকার ও নগদ অর্থ চুরির ঘটনায় গ্রেফতার হওয়া তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। পুলিশ জানিয়েছে, চুরির ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন, লুট হওয়া গয়না উদ্ধার এবং এ ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখতে এই তিনজনকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
রোববার (২৯ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন শুনানি শেষে প্রত্যেক আসামির চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা তাঁদের সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেছিলেন।
ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) শরীফ উদ্দীন এ তথ্য জানান। তিনি বলেন, ‘আসামিরা এ ঘটনায় জড়িত বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। প্রকৃত ঘটনা ও লুট হওয়া মালামাল উদ্ধারে তাদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন।’
রিমান্ডে নেওয়া তিনজন হলেন—গোলাম সরোয়ার (৫৮), মো. আমিনুর রহমান (৫৭) ও রিজওয়ানুল ইসলাম লাহিন (২৮)। গত শুক্রবার দিনগত রাতে ধানমন্ডির আনাম রেঞ্জস প্লাজার পূরবী জুয়েলার্সে এই চুরির ঘটনা ঘটে।
দোকানটির বিক্রয়কর্মী জোবায়ের আহমেদের ভাষ্য, বিপণিবিতানের নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাওয়ার পর চেতনানাশক দেওয়া হয়। এরপর চোরেরা দোকান থেকে গয়না ও টাকা নিয়ে যায়।
মামলার এজাহার অনুযায়ী, দোকানের চেম্বারে রাখা ২৩ হাজার ২০০ গ্রাম সোনা ও হীরার গয়না চুরি হয়েছে। এসব অলংকারের আনুমানিক মূল্য ধরা হয়েছে ৩৮ কোটি টাকা। এ ছাড়া শোরুমের ড্রয়ারে থাকা ১০ লাখ টাকাও নিয়ে গেছে চোরেরা।
এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ধানমন্ডি মডেল থানায় মামলা করেন দোকানটির মালিক অমিত ঘোষ।
মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার পরিদর্শক মো. আমিনুল হক রিমান্ড আবেদনে জানান, তথ্যপ্রযুক্তি ও গোপন সূত্রের সহায়তায় অভিযান চালিয়ে শনিবার দিনগত রাতে ধানমন্ডি এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক তদন্তে চুরির ঘটনায় তাদের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যাচ্ছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
আবেদনে আরও বলা হয়, চুরির প্রকৃত ঘটনা, লুট হওয়া গয়না ও টাকা উদ্ধারের পাশাপাশি অন্য কেউ জড়িত আছে কি না, তা জানতে গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
তথ্যসূত্র: জাগো নিউজ জাতীয়।
Source: জাগো নিউজ২৪






