ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের সময় ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি আন্তর্জাতিক ফ্লাইটের বিমানে আগুন লাগার যে খবর প্রচারিত হয়েছে, তা সঠিক নয় বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। জাগো নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বিমানের চাকা ও ব্রেক অতিরিক্ত গরম হয়ে ধোঁয়া বের হতে থাকে, তবে কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রীদের জরুরিভাবে বিমান থেকে নামানো হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, বিমানটি এয়ারবাস এ৩৩০ মডেলের। এটি ঢাকা থেকে সৌদি আরবের জেদ্দার উদ্দেশে উড্ডয়ন করছিল। ফ্লাইটটির নম্বর ইউএস-বাংলার বিএস-৩৬১।
বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র রিয়াজ উদ্দিন জাগো নিউজকে বলেন, ‘বিমানে আগুন লাগেনি। টেক অফ করার সময় পাইলট বুঝতে পেরেছিলেন যে কোনো একটা যান্ত্রিক ত্রুটি রয়েছে। এরপর তিনি টেক অফ করেননি; এটি ইমারজেন্সি ইভাকুয়েট করা হয়েছে। অর্থাৎ বে-তে এনে ইমারজেন্সিভাবে সব যাত্রীদের সরিয়ে ফেলা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘যান্ত্রিক ত্রুটিটি কোন লেভেলে আছে, তা পরবর্তীতে টেকনিক্যাল টিম ভালো বলতে পারবে।’
ফায়ার সার্ভিসও জানিয়েছে, তারা আগুনের কোনো খবর পায়নি।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, আজ রোববার ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-৩৬১ ফ্লাইটটি উচ্চগতিতে উড্ডয়ন বাতিল করে। এতে বিমানটি পার্কিং বে-তে ফিরিয়ে নেওয়া হয় এবং যাত্রীদের এপ্রোনে নামিয়ে দেওয়া হয়। হঠাৎ ব্রেক করার ফলে উড়োজাহাজটির চাকা ও ব্রেক অতিরিক্ত গরম হয়ে ধোঁয়া বের হতে থাকে। তবে কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে চাকার তাপমাত্রা কমাতে পানি প্রয়োগ করা হয়।
এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, জেদ্দাগামী ফ্লাইটটির যাত্রা পরিচালনার জন্য বিকল্প একটি উড়োজাহাজ প্রস্তুত রাখা হয়েছে। অন্যদিকে ত্রুটির কারণে থেমে যাওয়া উড়োজাহাজটি আজ রাতের পরবর্তী নির্ধারিত ফ্লাইট দিয়ে আবারও পরিচালনায় ফিরতে পারে বলে আশা করা হচ্ছে।
তথ্যসূত্র: জাগো নিউজ
Source: জাগো নিউজ২৪






