জাল ওয়ারিশ সনদ, মৃত্যু সনদ এবং গির্জার ভুয়া সমাধি সনদ তৈরি করে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি এলাকায় প্রায় শতকোটি টাকা মূল্যের সরকারি অর্পিত সম্পত্তি আত্মসাতের অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২৯ নভেম্বর) দুদক সমন্বিত জেলা কার্যালয়-১ মামলাটি দায়ের করেন দুদকের সহকারী পরিচালক সাঈদ মোহাম্মদ ইমরান হোসেন। মামলার বিষয়টি বাদী নিজেই জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

মামলায় প্রধান আসামি করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী এলবার্ট সরকার ওরফে আলবার্ট সরকার ওরফে এলবার্ট আশীষ সরকার ওরফে এলবার্ট লিটন সরকারকে (৫৮)। মামলার অন্য চার আসামি হলেন— চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ড কার্যালয়ের সাবেক সচিব ও বর্তমানে চসিকের সংস্থাপন শাখার উচ্চমান সহকারী মোহাম্মদ মনজুর আলম (৪৫), আইনজীবী মোহাম্মদ ছোলায়মান ওরফে অ্যাডভোকেট মোহাম্মদ ছোলায়মান (এমরান) (৫২), চাঁদপুরের মো. শামসুল আলম রানা (৫৭) এবং কক্সবাজারের চকরিয়ার বাসিন্দা সুকান্ত কাসারী (৩৪)।

প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে সরকারি শতকোটি টাকার সম্পত্তি আত্মসাৎ এবং হস্তান্তরের চেষ্টার ঘটনায় জড়িত থাকায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১, ১০৯ ও ১২০বি ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি দায়ের করা হয়।

দুদক জানিয়েছে, তদন্তকালে প্রয়োজনে আদালতের অনুমতিক্রমে এলবার্ট সরকার ও তাঁর নিকটাত্মীয়দের ডিএনএ পরীক্ষা করা হবে।

জালিয়াতির পদ্ধতি

মামলার এজাহার সূত্রে জানা গেছে, উনিশ শতকের শেষার্ধে ‘ইজিক্যাল’ নামক একটি ইহুদি পরিবার চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন জিপিওর সামনে আলকরণ এলাকায় (গুড়িবাজার ও কর্নাট মৌজায়) প্রায় ৬৯ দশমিক ১৩ শতক জমিতে তিনটি ভিন্ন প্লটে ভবন নির্মাণ করে বসবাস ও ব্যবসা পরিচালনা করতেন।

জায়গাগুলোর মূল মালিক ডেভিড ইজিক্যাল ১৯৩৫ সালের মার্চ মাসে শেষবারের মতো ভারতবর্ষ ত্যাগ করে সপরিবারে যুক্তরাজ্যের লন্ডনে চলে যান। তিনি আর কখনো ভারত কিংবা বাংলাদেশে ফিরে আসেননি। ইজিক্যাল পরিবারের সব সদস্য দেশ ত্যাগ করায় তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার ওই জমিগুলোকে ‘শত্রু সম্পত্তি’ এবং পরবর্তীতে বাংলাদেশ সরকার ‘অর্পিত সম্পত্তি’ হিসেবে রেকর্ডভুক্ত করে।

এজাহারে দুদক উল্লেখ করেছে, আসামিরা পরস্পর যোগসাজশে এলবার্ট সরকারকে ডেভিড ইজিক্যালের নাতি ও একমাত্র ওয়ারিশ হিসেবে সাজিয়ে প্রতারণার ফাঁদ পাতেন। তারা ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় এবং ৩৩, ৩৪ ও ৩৫ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর কার্যালয়ের নামে ভুয়া ওয়ারিশ ও মৃত্যু সনদ সৃজন করেন। তারা পাথরঘাটাস্থ ‘ক্যাথেড্রাল অব আওয়ার লেডি অব দ্য হোলি রোজারি’ গির্জার নামে ডেভিড ইজিক্যালের একটি জাল সমাধি সনদও তৈরি করেন।

এসব জাল কাগজপত্র অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনালে দাখিল করে ২০১৯ সালে এলবার্ট সরকার নিজের পক্ষে রায়-ডিক্রি হাসিল করেন। পরবর্তীতে রাষ্ট্রপক্ষ উক্ত রায়ের বিরুদ্ধে আপিল করলে ৩২ নম্বর ওয়ার্ডের তৎকালীন সচিব ও মামলার ২ নম্বর আসামি মোহাম্মদ মনজুর আলম সরকারি কর্মচারী হয়েও জাল সনদগুলো সঠিক মর্মে আদালতে মিথ্যা সাক্ষ্য দেন। এর ফলে ২০২২ সালে রাষ্ট্রপক্ষের আপিল নামঞ্জুর হয়।

রায়-ডিক্রি বাস্তবায়নের অংশ হিসেবে ২০২৫ সালের মার্চ মাসে জেলা প্রশাসন দীর্ঘদিনের লীজগ্রহীতাদের উচ্ছেদ করে এলবার্ট সরকারকে ৬১ দশমিক ১৯ শতক জমির দখল বুঝিয়ে দেয় এবং ওই বছরের জুনে তার নামে নামজারি খতিয়ান সৃজন করা হয়। এছাড়া একই কায়দায় আপিল ট্রাইব্যুনালে মামলার মাধ্যমে কর্নাট মৌজার আরও ৭ দশমিক ৯৪ শতক অর্পিত সম্পত্তি আত্মসাতের চেষ্টা চালান আসামিরা। মামলাটি বর্তমানে আপিল ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে।

তদন্তে যুক্তরাজ্যের তথ্য

জমিটি নিয়ে ২০২৪ সালের ৮ ফেব্রুয়ারি হাইকোর্টে মোহাম্মদ এরফান ইসমাঈলী ও মো. সিকান্দার জামালের দায়ের করা একটি জনস্বার্থমূলক রিট পিটিশনের আদেশের প্রেক্ষিতে দুদক এই অভিযোগের অনুসন্ধান শুরু করে।

অনুসন্ধানকালে যুক্তরাজ্যস্থ বাংলাদেশ হাইকমিশন এবং লন্ডনের ওয়েস্টমিনস্টার সিটি কাউন্সিলের মাধ্যমে সরকারি নথি সংগ্রহ করে দুদক। যুক্তরাজ্যের সরকারি ওই নথিতে, ডেভিড ইজিক্যাল ১৯৪৬ সালের ১২ নভেম্বর ৬১ বছর বয়সে লন্ডনে মৃত্যুবরণ করেন এবং সেখানেই তাকে সমাহিত করা হয় বলে উল্লেখ রয়েছে। অথচ আপিল ট্রাইব্যুনালে আসামিদের দাখিলকৃত জাল সমাধি সনদে তাকে মৃত্যুর প্রায় পাঁচ মাস আগেই ১৯৪৬ সালের ১৫ জুন চট্টগ্রামের একটি ক্যাথলিক গির্জায় সমাহিত করার কথা উল্লেখ করা হয়।

অন্যদিকে এলবার্ট সরকার নিজের বংশপরিচয় নিয়েও জালিয়াতির আশ্রয় নেয়। অনুসন্ধানকালে দুদক নিশ্চিত হয় যে, এলবার্ট সরকার চাঁদপুরের মৃত গোপাল সরকার ও ময়মনসিংহের মৃত সুপ্রীতি লতা সরকারের সন্তান। তার বাবা গোপাল সরকারের দ্বিতীয় স্ত্রী অর্থাৎ এলবার্ট সরকারের সৎমা হলেন কনক সরকার। কনক সরকার এখনো জীবিত, তিনি ব্রাহ্মণবাড়িয়ায় বসবাস করছেন। অথচ জালিয়াত চক্রটি জীবিত এই কনক সরকারকেই ডেভিড ইজিক্যালের কন্যা এবং এলবার্ট সরকারের মৃত মা দেখিয়ে ভুয়া মৃত্যু সনদ তৈরি করেছিল।

পাশাপাশি সংশ্লিষ্ট চসিকের ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহুর লাল হাজারী মৃত্যু সনদগুলো তাদের কার্যালয় থেকে ইস্যু করা হয়নি বলে প্রত্যয়ন করেন। অন্যদিকে গির্জার ফাদার রিগ্যান ক্লেমেন্ট ডি’কস্তা ২০২৫ সালের ১৯ আগস্ট লিখিতভাবে প্রত্যয়ন করেন— ডেভিড ইজিক্যালের কথিত সমাধি সনদটি সঠিক নয় এবং তাদের রেজিস্ট্রারে তাঁকে সমাহিত করার কোনো তথ্য নেই।

এদিকে দখল ও নামজারি পাওয়ার পর আসামিরা দ্রুত সম্পত্তিটি বিক্রির উদ্যোগ নেন। তারই অংশ হিসেবে ২০২৪ সালের অক্টোবরে কোনোরূপ আর্থিক লেনদেন ছাড়াই অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি দলিলমূলে ৬১ দশমিক ১৯ শতক জমি মামলার অপর তিন আসামি সুকান্ত কাসারী, মো. শামসুল আলম রানা এবং অ্যাডভোকেট মোহাম্মদ ছোলায়মানের (এমরান) নামে জমির হস্তান্তর ক্ষমতা দিয়ে দেওয়া হয়। এর মধ্যে একটি দলিলে ৩ কোটি ২০ লাখ টাকার কাল্পনিক পণমূল্য দেখানো হয় বলে এজাহারে উল্লেখ করা হয়।

তথ্যসূত্র: জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী

Source: জাগো নিউজ২৪