প্রধানমন্ত্রী তারেক রহমান মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা ছাড়ার নির্দেশ দিয়েছেন। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) রোববার (১৮ অক্টোবর) রাতে স্ক্রলে এ খবর প্রচার করে।
সরকারসংশ্লিষ্ট উচ্চপর্যায়ের একাধিক সূত্রের বরাতে জানা যায়, সচিবালয়ে রোববার বিকেলে মন্ত্রিসভার বৈঠকের পর তাকে ডেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
তবে প্রতিমন্ত্রীর দপ্তর পদত্যাগের নির্দেশসংক্রান্ত খবরটিকে ‘অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছে। গণমাধ্যম ও দেশবাসীকে এ ধরনের খবরে বিভ্রান্ত না হওয়ার অনুরোধও জানিয়েছে দপ্তরটি।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে গেন্ডারিয়া রেলস্টেশনের কাছে দয়াগঞ্জ গুমটিঘর রেলগেট এলাকায় মাদকবিরোধী অভিযানে ছিলেন ইশরাক। তার ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে তাকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে কয়েকজনকে ধরার নির্দেশ দিতে দেখা যায়; সেখানে তার এক দেহরক্ষী এক তরুণকে লাথি মারছিলেন। এরপর জনপ্রতিনিধির ব্যক্তিগত অস্ত্র ব্যবহার ও আইনশৃঙ্খলা বাহিনীর মতো অভিযান চালানোর এখতিয়ার নিয়ে প্রশ্ন ওঠে।
এদিকে ঘটনাটির তদন্তভার পেয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের উপকমিশনার। আইনের ব্যত্যয় প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে রোববার জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম।






