মাদকবিরোধী অভিযান ঘিরেই আজকের পরিস্থিতি তৈরি হয়েছে এবং বিশেষ কারণে তাঁকে মন্ত্রিসভা ছাড়তে হচ্ছে বলে জানিয়েছেন ইশরাক হোসেন। জাতীয় প্রেসক্লাবে যাওয়ার পথে সোমবার (১৯ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।
ইশরাকের দাবি, দল তাঁর পদত্যাগ চায়নি; দলের ইচ্ছার বিপরীতেই তাঁকে এ সিদ্ধান্ত নিতে হচ্ছে। এ কথা তিনি নিজের বক্তব্যেও বলবেন বলে জানান।
মাদক প্রশ্নে অবস্থান স্পষ্ট করে ইশরাক জানান, মন্ত্রিত্ব ছাড়লেও এ লড়াই থামবে না, বরং আরও আক্রমণাত্মকভাবে চলবে। তাঁর ভাষায়, ‘এখন তো আমি আরও অ্যাগ্রেসিভলি মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো।’
পদত্যাগের পেছনের সেই বিশেষ কারণ কী এবং দলের সঙ্গে তাঁর মতভিন্নতা ঠিক কোথায়, তা পরের বক্তব্যে বিস্তারিত জানাবেন বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
এদিকে ইশরাকের পদত্যাগকে কেন্দ্র করে দেশের আইনশৃঙ্খলা, মাদক নিয়ন্ত্রণে নিয়োজিত সংস্থাগুলোর ভূমিকা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় কতটা কার্যকর, তা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। মাদকের বিস্তার ঠেকাতে কার্যকর পদক্ষেপের প্রয়োজনীয়তাও নতুন করে আলোচনায় এসেছে।






