ভারতের দিল্লিতে পড়তে যাওয়া এক বাংলাদেশি শিক্ষার্থী ফেসবুকে পোস্ট দেওয়ার পর আত্মহত্যা করেছেন। শনিবার (২৩ মে) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টটি দেন তিনি।

মৃত শিক্ষার্থী মোস্তাক আহমেদ সাগরের (২৫) বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নে, বাবার নাম মোশারফ হোসেন মিন্টু। তিন বছর ধরে তিনি দিল্লির ফরিদাবাদের মানব রচনা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড স্টাডিজে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়ছিলেন।

ছেলের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন মোশারফ হোসেন মিন্টু। তিনি জানান, শনিবার বিকেলে ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছিলেন সাগর; এর পরপরই তিনি আত্মহত্যা করেন।

পোস্টে মা-বাবার কাছে ক্ষমা চেয়ে সাগর লেখেন, নিজেকে বাঁচাতে অনেক লড়াই করে তিনি এখন ক্লান্ত। সবার কাছে দোয়া চাওয়ার পাশাপাশি প্রিয় মানুষের সঙ্গে জীবন কাটানোর স্বপ্ন পূরণ না হওয়ার কথা লেখেন তিনি, অনুরোধ করেন এর জন্য যেন কেউ সেই মানুষটিকে দোষ না দেন।

পোস্টে তিনি আরও লেখেন, তার মরদেহের যেন ময়নাতদন্ত না হয় এবং ঝামেলা ছাড়া দাফন করা হয়।

মৃত্যুর খবর দেশে পৌঁছালে পরিবারে শোকের মাতম শুরু হয়। সাগরের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার আবেদন জানিয়েছেন পরিবার ও স্বজনেরা।