ভারতের কলকাতায় নিউমার্কেট এলাকার কাছে মির্জা গালিব স্ট্রিটে অবস্থিত একটি আবাসিক হোটেলে আগুন লেগে শিশুসহ ৯ জন মারা গেছেন। কলকাতা পুলিশ জানিয়েছে, নিহতদের পাঁচজন বাংলাদেশি নাগরিক, আর আহত হয়েছেন অন্তত আটজন।

নিহত বাংলাদেশিদের একজন আহমেদ বাবু (৩৭), তাঁর বাড়ি ঢাকার সাভারের আমিনবাজারের বেগুনবাড়ি এলাকায়। মঙ্গলবার রাত ২টার দিকে হোটেলটিতে আগুন লাগে। জানা গেছে, ২৫ জন বাংলাদেশি ওই হোটেলে উঠেছিলেন, কুষ্টিয়ার একই পরিবারের চারজনও নিহতদের মধ্যে আছেন।

বাবুর বন্ধু ফয়সাল জানিয়েছেন, কসমেটিকস দোকানের জন্য মালপত্র কিনতে ভারতে গিয়ে বাবু উঠেছিলেন মির্জা গালিব স্ট্রিটে একটি ভবনের তিনতলার শিখা ইন নামের হোটেলে। আগুন লাগার পর ভেতরে আটকে পড়ে বাবুসহ কয়েকজনের মৃত্যু হয়।

ভাইদের মধ্যে সবার ছোট ছিলেন বাবু। তাঁর স্ত্রী, আট বছরের মেয়ে রোজা ও পাঁচ বছরের ছেলে সোয়াদ রয়েছে। স্বজনেরা জানান, জীবিকার তাগিদে ব্যবসার কাজে নিয়মিত দেশের বাইরে যেতেন তিনি, উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে পরিবার এখন দিশেহারা।

বাবুর মেজো ভাই মনির হোসেন বলেন, ভারতে যাওয়ার আগে বাবু পরিবারের সবার সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলেছিলেন, কিন্তু আগুন লাগার পর আর তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। আহত ব্যক্তিরা কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালসহ কয়েকটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, কারও কারও অবস্থা গুরুতর বলে জানা গেছে।