অভিবাসন ও মানবপাচার ঠেকাতে ২০১৭ সালের ইতালি-লিবিয়া সমঝোতা স্মারক (এমওইউ) আরও তিন বছরের জন্য নবায়ন হয়েছে, যা ২০২৯ সাল পর্যন্ত বলবৎ থাকবে। সঙ্গে লিবীয় কোস্টগার্ডকে ১০টি আধুনিক টহল জাহাজ দিয়েছে ইতালি।
ইতালি সরকারের ভাষ্য, সাগরপথে অনিয়ন্ত্রিত যাত্রা ও পাচারকারীদের তৎপরতা বন্ধ করতেই স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হওয়া এ চুক্তি। এর আওতায় ইউরোপমুখী অবৈধ নৌকা শনাক্ত করে আটকাবে লিবীয় কোস্টগার্ড; সেগুলো ইতালিতে না এনে লিবিয়ায় ফেরত পাঠানো হবে এবং যাত্রীদের নেওয়া হবে ডিটেনশন সেন্টারে।
ইতালি জানিয়েছে, দ্রুতগতির নতুন জাহাজগুলোর আধুনিক রাডার দূর থেকেই ছোট নৌকা শনাক্ত করতে পারে। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকারের দাবি, সমুদ্রে মৃত্যু কমানো ও পাচার বন্ধে এ চুক্তিই সবচেয়ে কার্যকর, আর এসব জাহাজের কারণে অবৈধভাবে সাগর পাড়ি দিতে গেলে ধরা পড়ার ঝুঁকি ৯০ শতাংশের বেশি বাড়বে।
তবে মানবাধিকার সংস্থাগুলো নবায়ন নিয়ে উদ্বিগ্ন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ বলছে, লিবিয়ায় ফেরত যাওয়া অভিবাসীরা অমানবিক আচরণ, নির্যাতন ও অবমাননাকর পরিবেশের শিকার হন।
দালালের মাধ্যমে অবৈধভাবে সাগর পাড়ি দেওয়ার চেষ্টা প্রাণঘাতী হতে পারে বলে আবারও সতর্ক করে বৈধ পথ ছাড়া এমন যাত্রা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ইতালি সরকার।






