লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে আনুমানিক ১১৭ কিলোমিটার পশ্চিমের জুয়ারা উপকূল থেকে গত কয়েক দিনে ১৭ অভিবাসীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয় কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন।
উদ্ধার অভিযান চালায় লিবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের ইমার্জেন্সি মেডিসিন অ্যান্ড সাপোর্ট সেন্টার। তাদের প্রকাশিত ছবিতে দেখা যায়, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সাদা প্লাস্টিকের ব্যাগে মরদেহগুলো ভরে সাবধানে অ্যাম্বুলেন্সে তুলছেন।
উদ্ধারকারী দলটি জানিয়েছে, ১৭ জনের মধ্যে ১৪ জনকে ধর্মীয় ও আইনি নিয়ম মেনে এরই মধ্যে দাফন করা হয়েছে, দুজনের পরিচয় এখনো শনাক্ত হয়নি। চিকিৎসক দল বাংলাদেশি নাগরিকের বিষয়টি নিশ্চিত করেছে এবং ত্রিপোলিতে থাকা তার পরিবারের কাছে মরদেহটি তুলে দেওয়া হয়েছে।
২০১১ সালের পর থেকে লিবিয়া অবৈধ পথে ইউরোপে যাওয়ার অন্যতম প্রধান রুট। যুদ্ধ, দারিদ্র্য ও বেকারত্ব থেকে বাঁচতে এশিয়া-আফ্রিকার হাজারো মানুষ দালালের প্রলোভনে এ পথ ধরেন; প্লাস্টিক বা রাবারের নৌকায় ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে কিংবা সাহারায় পানি ও খাবারের সংকটে প্রায়ই এমন মৃত্যু ঘটছে।





